নানা কর্মসূচিতে রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে নানা কর্মসূচিতে গতকাল রোববার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে গতকাল দিনাজপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে শিল্পীরা নৃত্য পরিবেশ করেন l ছবি: প্রথম আলো
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে গতকাল দিনাজপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে শিল্পীরা নৃত্য পরিবেশ করেন l ছবি: প্রথম আলো

রংপুর: সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে রংপুর টাউন হলে গতকাল সন্ধ্যায় আলোচনা সভা ও রবীন্দ্রসংগীতের আয়োজন করা হয়। রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্যাপন পর্ষদের আহ্বায়ক আবদুল মজিদের সভাপতিত্বে আলোচনা করেন সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মকসুদার রহমান, উদ্যাপন পর্ষদের সদস্যসচিব নাজমুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে তিনজন রবীন্দ্রসংগীতশিল্পী অরুন কুমার মুখার্জি, কাজী মো. জুননুন ও তৃপ্তি দত্তকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া বিকেল সাড়ে পাঁচটায় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শহরের নিউ ক্রস রোডের একটি কমিউনিটি সেন্টারে রবীন্দ্রসংগীতের আয়োজন করে। রংপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ টাউন হল চত্বরে বিকেলে সংগঠনের কার্যালয়ের সামনে বকুলতলায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উদীচী শিল্পীগোষ্ঠী বিকেলে সংগঠনের কার্যালয়ে একই ধরনের অনুষ্ঠান করেছে। এদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের আয়োজনে বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বিরামপুর (দিনাজপুর): আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে গতকাল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়। সকাল সাতটায় কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা। নৃত্যানুষ্ঠানে সম্মিলন পরিষদের খুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করে। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দিনাজপুর শাখার সভাপতি রবিউল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও সামাজিক সংগঠক আবুল কালাম আজাদ, সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পরিষদের সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ।
পাটগ্রাম (লালমনিরহাট): উপজেলা রংতুলি আর্ট একাডেমির উদ্যোগে গতকাল স্থানীয় উপজেলা পরিষদের শহীদ আফজাল মিলনায়তনে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। একাডেমির পরিচালক মন্জুরুল হক এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। মন্জুরুল হক বলেন, রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন, রবীন্দ্রসংগীত, নৃত্য ও কবিতাপাঠের প্রতিযোগিতার আয়োজন করা হয়।