নানা কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা প্রশাসনের সহযোগিতায় দিনাজপুর শিশু একাডেমীর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল বিকেলে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো
জেলা প্রশাসনের সহযোগিতায় দিনাজপুর শিশু একাডেমীর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল বিকেলে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো

নীরবতা পালন, পুষ্পমাল্য অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানসহ নানা কর্মসূচি এবং শোক ও শ্রদ্ধায় গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। নানা শ্রেণি-পেশার মানুষের দেওয়া ফুলে ফুলে ভরে যায় বধ্যভূমিগুলোর শহীদ বেদি।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: সকাল সাড়ে নয়টায় দমদমা বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে আলোচনা সভা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাপতিত্ব করেন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোটের সাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক।
দিনাজপুর: সকাল নয়টায় শহরের উত্তরে চেহেলগাজী মাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দিনাজপুর প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পুষ্পশ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। সন্ধ্যায় শহরের বাসুনিয়াপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। পরে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এস এম হারুন-উর-রশীদ সভাপতিত্ব করেন।
নীলফামারী: বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনে শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে আলোচনা সভা হয়। সভায় জেলা প্রশাসক জাকীর হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবীব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম প্রমুখ।
পঞ্চগড়: সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলীম খান ওয়ারেশী এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত হয়। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক পুষ্পমাল্য অর্পণ করেন।
সৈয়দপুর (নীলফামারী): দিনব্যাপী মুক্তিযুদ্ধে সংসদে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, প্রভাতফেরি, স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা হয়। মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রজন্ম ৭১-এর সৈয়দপুর সাংগঠনিক জেলা সভাপতি এ এ মঞ্জুর হোসেন। এর আগে জিআরপি মোড়ে শহীদ স্মৃতি অম্লানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।