নানা কর্মসূচিতে সাঁওতাল বিদ্রোহের বার্ষিকী পালন
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার দিনাজপুর ও গাইবান্ধায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬১তম বার্ষিকী পালিত হয়েছে। এর মধ্যে ছিল বিদ্রোহে নিহত সিধু-কানু স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য ও শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বক্তারা বলেন, নিপীড়নের বিরুদ্ধে সিধু-কানুদের আত্মত্যাগ আজও জাতিকে প্রেরণা জোগাচ্ছে। তবে সাঁওতালসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা আজও পরাধীন। সমাজের সুবিধাভোগী শ্রেণি তাঁদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের নিমনগর বালুবাড়ী এলাকায় সাঁওতাল মাঠ প্রাঙ্গণে শহীদ সিধু-কানুসহ ২৫ হাজার সাঁওতাল বিদ্রোহীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ আদিবাসী সমিতির কেন্দ্রীয় কমিটির নেতারা। পরে শহীদ মিনারে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশ্বনাথ সিং, সহসভাপতি জুলিয়াস মুরমু, সহ-সেক্রেটারি সুবল হাসদা, কেন্দ্রীয় উপদেষ্টা আরিফ খান, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি জায়েদ ইকবাল খান, কৃষাণী ফেডারেশনের সদস্য হাজরা, সাবিহা ও সরজু মুরমু।
বিরামপুর (দিনাজপুর): নবাবগঞ্জ উপজেলার জানাহপুরে দুপুর ১২টায় ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা সিসিডিবির উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জাহানপুর বাজারে শহীদ সিধু-কানুর স্মরণে নির্মিত শহীদবেদিতে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধা নিবেদন শেষে জাহানপুর মাঠে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিডিবির আঞ্চলিক পরিচালক ইভান পরাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, আদিবাসী নেতা জোহান হাসদা প্রমুখ। পরে সাঁওতাল নারী-পুরুষের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
দিবসটি উপলক্ষে ব্র্যাকের আয়োজনে নবাবগঞ্জ বাজারে পৃথক শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতা হয়।
গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকার গোবিন্দগঞ্জ-হিলি সড়কে দুপুরে মিছিল বের হয়। পরে বাজারে এক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ফিলিমিন বাক্স। বক্তব্য দেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা দীপায়ন খীসা, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতি ভূষণ মাহাত প্রমুখ।