নানা কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে গতকাল রাতে শহীদ রফিক সড়কে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন। ছবিটি মানিকগঞ্জ জেলা শহরের কালীবাড়ি এলাকা থেকে রাত আটটার দিকে তোলা l প্রথম আলো
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে গতকাল রাতে শহীদ রফিক সড়কে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন। ছবিটি মানিকগঞ্জ জেলা শহরের কালীবাড়ি এলাকা থেকে রাত আটটার দিকে তোলা l প্রথম আলো

আলোচনা সভা, মোমবাতি প্রজ্বালনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে গণহত্যা দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল সকালে মানিকগঞ্জ শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ। মিছিলটি শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। আরও বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

এদিকে গতকাল বিকেলে জেলা শহরের বিজয় মেলা মাঠে আলোচন সভার আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন, পৌর মেয়র গাজী কামরুল হুদা প্রমুখ।

বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি বাহিনী যে গণহত্যা চালায়, তা তুলে ধরেন। তাঁরা দিনটিকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার আহ্বান জানান।

এদিকে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ বন্দর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। বন্দর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা জি এম মাসুদ, সহসাধারণ সম্পাদক নাসির
উদ্দিন ও সদস্য মাহফুজুর রহমান জাহিদ প্রমুখ। বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের স্মৃতিচারণা করেন। সব শেষে ২৫ মার্চ রাতে এবং মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এদিকে সোনারগাঁ উপজেলায় মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদ ও ছাত্রলীগ শহীদ মজনু পার্কের বিজয়স্তম্ভে এ কর্মসূচি পালন করে।

মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভায় অংশ নেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাসিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান আহাম্মেদ মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ওসমান গণি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সোনারগাঁ শাখার সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ প্রমুখ।

{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জও সোনারগাঁপ্রতিনিধি}