নানা কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন
বগুড়া ও সিরাজগঞ্জে গতকাল বুধবার জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপজেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০টায় শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে ওই দপ্তরের চত্বরে আলোচনা সভা হয়। সভায় নির্বাহী প্রকৌশলী শেখ ফিরোজ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার। এ ছাড়া বক্তব্য দেন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ের সহকারী প্রকৌশলী সুরঞ্জন সাহা, উপসহকারী প্রকৌশলী হামিদুল ইসলাম, শেরপুর পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম প্রমুখ।
পরে গত সেপ্টেম্বরে শেরপুরে পিডিবির কার্যালয়ের আয়োজনে ‘জ্বালানি নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
এদিকে আদমদীঘি উপজেলার সান্তাহারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আমবিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাসেম। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সেটি শহর প্রদক্ষিণ করে স্বাধীনতা মঞ্চ চত্বরে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী রেজানুর রহমান প্রমুখ।
অন্যদিকে গতকাল সকালে পিডিবির দুপচাঁচিয়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) মোরশেদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভুইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ইউএনও ইকবাল আখতার। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভুইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শামীম খান প্রমুখ। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে ধানগড়া নতুন চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও ইকবাল আখতার। আগামী বছরের ৩০ জুনের মধ্যে এ উপজেলাকে শতভাগ বিদ্যুৎ-সুবিধার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।