নানা কর্মসূচির মাধ্যমে নারী দিবস পালিত
দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার (৮ মার্চ) যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, নাটক প্রদর্শনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সুনামগঞ্জ: বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জের সদস্যরা শহরে শোভাযাত্রা বের করেন। পরে তাঁরা শহরের পৌর চত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করেন। সংগঠনের সভানেত্রী শীলা রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক গৌরি ভট্টাচার্য, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, শিক্ষিকা সঞ্চিতা চৌধুরী, পৌর কাউন্সিলর আরতি তালুকদার প্রমুখ।
চাঁদপুর: সকালে শহরের হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠ থেকে মহিলাবিষয়ক অধিদপ্তর ও চাঁদপুর পৌরসভা কার্যালয় এলাকা থেকে জেন্ডার কমিটি শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে। উভয় শোভাযাত্রায় শহরের স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, রাজনৈতিক ও স্থানীয় সুধীজন অংশ নেন।
শেরপুর: সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান। এ ছাড়া সম্পদ ও সম্পত্তিতে সমান অধিকারের দাবিতে বেসরকারি সংস্থা শারীর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহামঞ্চদ জাকীর হোসেন। বিকেলে দিবসটি উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর শাখার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।
নিকলী (কিশোরগঞ্জ): উপজেলা প্রশাসন, উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়সহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা): উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা ও মেলার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সকাল সাড়ে ১০টার দিকে শোভাযাত্রা বের হয়।
বিশ্বনাথ (সিলেট): উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন ইউএনও সোনামনি চাকমা। উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়।