নানা কেলেঙ্কারিতে বিপদে লাভালিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক কেলেঙ্কারির জন্ম দেওয়া কানাডার সর্ববৃহৎ নির্মাণপ্রতিষ্ঠান এসএনসি-লাভালিন কয়েকটি দেশে তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কিছু স্থাপনাও বিক্রি করে দেবে তারা।কোম্পানিটির নেতৃত্বে নতুন মুখ আনতে পরিচালনা পর্ষদে রদবদলেরও সিদ্ধান্ত হয়েছে। আগামী ২ মে অনুষ্ঠেয় শেয়ারধারীদের বিশেষ বার্ষিক সাধারণ সভায় কোম্পানির নতুন চেয়ারম্যান ও কয়েকজন পর্ষদ সদস্যের অন্তর্ভুক্তি অনুমোদনের জন্য পেশ করা হবে।বর্তমান চেয়ারম্যান গুয়েন মরগ্যান ইতিমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। করপোরেট গভর্ন্যান্স কমিটি অডিট কমিটির চেয়ারম্যান আয়ান এ বোরনকে নতুন চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করেছে।ঘুষ দিয়ে বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পের কাজ নেওয়ার চেষ্টা করে আলোচিত এসএনসি-লাভালিন ইতিমধ্যে ১০ বছরের জন্য বিশ্বব্যাংকের উন্নয়ন প্রকল্পে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। কোম্পানিটির সাবেক দুজন কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা বিচারের জন্য সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালতে রয়েছে।উল্লেখ্য, কানাডাসহ বিশ্বের ৪০টি দেশে এসএনসি-লাভালিনের অফিস রয়েছে এবং ১০০ দেশে ব্যবসা পরিচালনা করছে। কোম্পানি সূত্রে জানা গেছে, ২ মে শেয়ারহোল্ডারদের বিশেষ সাধারণ সভা সামনে রেখে সম্প্রতি কোম্পানিটি চতুর্থ প্রান্তিকের সামগ্রিক অবস্থা পর্যালোচনার জন্য এক বৈঠক করে। ওই বৈঠকে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি প্রতিবেদন উপস্থাপন করে। এতে বলা হয়, বহির্বিশ্বে বেশ কয়েকটি ‘ঝুঁকিপূর্ণ’ প্রকল্প কোম্পানির মুনাফা হুমকির মধ্যে ফেলে দিয়েছে। এই প্রকল্পগুলোতে আর অর্থ ব্যয় না করে গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত দু-তিন বছরে পাওয়া অনেক প্রকল্পই এত সমস্যাসংকুল হয়ে পড়েছে যে ওই প্রকল্পগুলো ২০১৩ সালের মুনাফার প্রবৃদ্ধিকে সংকুচিত করে ফেলছে। জানা গেছে, বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এসএনসি-লাভালিন একটি পরিকল্পনা তৈরি করেছে, যা সাধারণ সভায় উপস্থাপন করা হবে। এতে কিছু কিছু দেশে কার্যক্রম বন্ধ ও স্থাপনা বিক্রি করে দেওয়ার কথা উল্লখ থাকবে।দুর্নীতির অভিযোগে এক দশক ধরেই বিভিন্ন দেশের সরকারি কর্তৃপক্ষ কোম্পানিটির কার্যক্রম তদন্ত করছে। সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা পিয়েরে দুহাইম এবং সাবেক হেড অব কনস্ট্রাকশন রিয়াদ বেন এশিয়া প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। (১ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয়ে মন্ট্রিয়লভিত্তিক ইংরেজিভাষী একটি সুপার হাসপাতাল নির্মাণে কোম্পানিটি প্রতারণার আশ্রয় নিয়েছিল। সুইস পুলিশ ও আরসিএমপি লিবিয়ার সাবেক স্বৈরশাসক গাদ্দাফির ছেলেকে ১৬০ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগে রিয়াদ বেন এশিয়াকে অভিযুক্ত করেছে। বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে ঘুষ দেওয়ার চক্রান্তের পাশাপাশি কম্বোডিয়ার একটি প্রকল্পে দুর্নীতিরও প্রমাণ পেয়েছে বিশ্বব্যাংক। এসএনসি-লাভালিনও স্বীকার করেছে, কম্বোডিয়ায় ‘খুবই ছোট একটি প্রকল্পের’ কাজ পাওয়ার ক্ষেত্রে ঘুষ দেওয়ার ঘটনা ঘটেছে।মন্ট্রিয়লভিত্তিক কোম্পানি এসএনসি-লাভালিন কুইবেকেও সরকারি নানা সংস্থার চাপের মধ্যে আছে। কুইবেক প্রাদেশিক সরকার কর্তৃক গঠিত দুর্নীতি তদন্ত কমিশন এসএনসি-লাভালিনের নানা ধরনের দুর্নীতি তদন্ত করছে। প্রতারণা করে বা ঘুষ দিয়ে নির্মাণকাজ বাগিয়ে নেওয়া ছাড়াও কুইবেকের দুটি রাজনৈতিক দলকে হাজার হাজার ডলার ‘ডোনেশন’ দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। উল্লেখ্য, কুইবেকে কোনো করপোরেট প্রতিষ্ঠানের রাজনৈতিক দলকে চাঁদা দেওয়া বেআইনি। কিন্তু দুটি রাজনৈতিক দলকে কয়েক কিস্তিতে ২০০ হাজার ডলার দেওয়ার দালিলিক প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। শিগগিরই এসএনসি-লাভালিন কুইবেকের সব ধরনের নির্মাণকাজে নিষিদ্ধ ঘোষিত হতে যাচ্ছে বলে গুঞ্জন শুরু হয়েছে।বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ডেসজারডিনস ক্যাপিটেল মার্কেটের পিয়েরে ল্যাক্রয়েক্স বলেছেন, বিশ্বব্যাংকের সঙ্গে এসএনসি লাভালিনের নিষ্পত্তির ব্যবস্থা আপাতত একটি ঘটনা থেকে তাদের স্বস্তি দেবে। কিন্তু অন্যান্য সরকার বা সংস্থাও যে তাদের নিষিদ্ধ ঘোষণা করবে না, তার নিশ্চয়তা নেই।