সমাজে নানামুখী চাপের কারণে মানুষ সহনশীল থাকতে পারছেন না। বাংলাদেশে এই সমস্যাটা দিনে দিনে বাড়ছে। সব ক্ষেত্রেই মানুষ ধৈর্যহারা হয়ে পড়ছে। মূল্যবোধের অভাবেও মানুষ অধৈর্য হয়ে নানা ধরনের অন্যায়-অনিয়ম করছে। এমনটাই মনে করেন একজন সমাজবিজ্ঞানের ও আরেকজন মনোবিজ্ঞানের শিক্ষক।
এ রকম পরিস্থিতি নিয়ে আজ ১৬ নভেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক সহনশীলতা দিবস। ইউনেস্কো ঘোষিত এই আন্তর্জাতিক সহনশীলতা দিবস প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে বহুমুখী সমাজে সহনশীলতা শিক্ষার মাধ্যমে পৃথিবীর সব মানুষের সুষম ও শান্তিপূর্ণভাবে জীবনযাপন নিশ্চিত করা।
বাংলাদেশের মানুষের সহনশীলতার অবস্থা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নেহাল করিম প্রথম আলোকে বলেন, ‘জাতিগতভাবে আমরা পিছিয়ে আছি। তথ্য-প্রযুক্তি যত উন্নত হয়েছে সে অনুযায়ী রপ্ত করতে পারছি না। ফলে দেখা যায় ট্রাফিক সিগন্যাল পড়লেও গাড়ি থামাচ্ছি না। এর কারণ হলো ধৈর্য নেই। মূল্যবোধ কাজ করছে না বলে সহনশীলতার অভাব বাড়ছে। মূল্যবোধ শেখানোর সুযোগও এখন নেই। ফলে সবকিছুতে সহনশীলতা কমে গেছে।’
নব্বইয়ের দশকের প্রথম দিকে স্নায়ুযুদ্ধ শেষ পর্যায়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সহিংসতা বৃদ্ধির আশঙ্কায় ইউনেসকো ‘সহনশীলতা’ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ইউনেসকোর উদ্যোগে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ সিদ্ধান্ত নেয়, ১৯৯৫ সাল থেকে ‘আন্তর্জাতিক সহনশীলতা বর্ষ’ উদ্যাপন করা হবে। আর ১৯৯৬ সালের ১৬ নভেম্বর ইউনেসকোর ২৮তম অধিবেশনে ‘সহনশীলতার মৌলিক নীতি ঘোষণা’ গৃহীত হয় এবং প্রতিবছরের ১৬ নভেম্বরকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে ঘোষণা করা হয়।