রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির গোপনে ও বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের এক কর্মী নিহত হওয়ার পর থেকে ক্যাম্পাসে শিবিরের তৎপরতা বন্ধ হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করা এবং ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করার পর ছাত্রলীগ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। আর এ সুযোগে ছাত্রশিবির ক্যাম্পাসে পুনরায় সংগঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ, ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ছাত্রলীগের অস্তিত্ব-সংকটের সুযোগে ইফতার অনুষ্ঠানের নামে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ঢুকছেন বলে ক্যাম্পাসের বিভিন্ন সূত্রে জানা গেছে। ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসসংলগ্ন বিভিন্ন এলাকায় অবস্থান করছেন বলেও অনেকে তাঁকে জানিয়েছেন।ছাত্রলীগের সদ্য স্থগিত করা কমিটির সহসভাপতি রেজোয়ান আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু হোসাইন জানান, গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবির সশস্ত্র হামলা চালায়। এতে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত এবং অর্ধশত নেতা-কর্মী আহত হন। ঘটনার পর থেকে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা ওই রাতেই হল ও ক্যাম্পাস ছেড়ে চলে যান।জানা গেছে, ক্যাম্পাসে ৭ আগস্ট ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাত্রলীগের সভাপতি আওয়াল কবিরের এক সমর্থক গুলিবিদ্ধ হওয়াসহ উভয় পক্ষের চারজন কর্মী গুরুতর আহত হন। পরদিন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। এ ঘটনার মাত্র এক সপ্তাহ পর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে বিশেষ খাবারের টোকেন নেওয়া নিয়ে ছাত্রলীগের কর্মীরা নাসরুল্লাহ নাসিম নামের সংগঠনের আরেকস কর্মীকে মারধর করার পর হলের দোতলা থেকে নিচে ফেলে দেয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর নাসিম গত ২৩ আগস্ট মারা যান। এ ঘটনার জের ধরে কেন্দ্রীয় কমিটি ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করে। এরপর ক্যাম্পাসে ছাত্রলীগ অস্তিত্ব-সংকটে পড়ে। ক্যাম্পাসের বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট ছাত্রশিবির ক্যাম্পাসের প্রথম বিজ্ঞান ভবনের সামনে, ফোকলোর চত্বর ও শহীদ মিনার এলাকায় পৃথক ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিটি স্থানে ৪০ থেকে ৫০ জন করে নেতা-কর্মী জমায়েত হন। তাঁরা ইফতার অনুষ্ঠানের আড়ালে ক্যাম্পাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেন । সূত্রগুলো জানায়, ওই দিন যাঁরা ইফতার অনুষ্ঠানে এসেছিলেন, তাঁরা প্রায় সবাই ছাত্রশিবিরের কর্মী; যাঁদের অনেককেই এর আগেও ক্যাম্পাসে দেখা গেছে। তাঁরা কৌশলে ক্যাম্পাসে ঢুকে ইফতার অনুষ্ঠানের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়ে ক্যাম্পাস ত্যাগ করেন। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিম বিন কামাল জানান, ইফতারসহ বিভিন্ন বিষয়কে কৌশল হিসেবে বেছে নিয়ে ছাত্রশিবির ক্যাম্পাসে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে ছাত্রলীগের সাংগঠনিক দুর্বলতার সুযোগেই ছাত্রশিবির পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা যাতে ক্যাম্পাসে ঢুকে কোনো অঘটন ঘটাতে না পারেন, সে ব্যাপারে পুলিশ সজাগ রয়েছে।