নানা জল্পনাকল্পনা তবু উত্তম কুমার
রংপুরের বদরগঞ্জ পৌরসভার নির্বাচনে অবশেষে আওয়ামী লীগ থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র উত্তম কুমার সাহা। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে গতকাল বুধবার দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী চিঠি দিয়ে উত্তম কুমার সাহার মনোনয়ন নিশ্চিত করেন।
মনোনয়ন নিশ্চিত হওয়ার পর উত্তম কুমার সাহা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত রোববার উপজেলা আওয়ামী লীগ থেকে দলের একক প্রার্থী হিসেবে তাঁর নাম প্রস্তাব করে প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় সভানেত্রীর দপ্তরে পাঠানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান তবিকুর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শান্ত চৌধুরী এবং বদরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র উত্তম কুমার সাহা মেয়র পদে দলীয় সমর্থন পেতে জোর তদবির শুরু করেন। এতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। মনোনয়নপ্রত্যাশী হাসান তবিকুর চৌধুরী ও শান্ত চৌধুরী স্থানীয় সাংসদ আবুল কালাম আহসানুল হক চৌধুরীর আপন ভাতিজা। এ কারণে দলের নেতা-কর্মীদের আশঙ্কা ছিল উত্তম কুমার সাহাকে হয়তো এবার বাদ দিয়ে ওই দুই ভাতিজার একজনকে সাংসদ স্থানীয়ভাবে মনোনয়ন দিতে পারেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘সাংসদের ইচ্ছা ছিল বর্তমান মেয়র উত্তম কুমারকে বাদ দিয়ে দুই ভাতিজার একজনকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার। এ নিয়ে তাঁর বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কয়েক দফা বৈঠকও হয়। কিন্তু স্থানীয় নেতা-কর্মীদের চাপে এবং জেলা আওয়ামী লীগ নেতারা সায় না দেওয়ায় সাংসদ বাধ্য হয়ে বর্তমান মেয়রকে মনোনয়ন দেওয়ার পক্ষে মত দেন।’