নানা দাবিতে কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামে মে দিবস পালিত
ন্যূনতম মজুরিকাঠামো বাস্তবায়ন, শ্রমিক ছাঁটাই, শ্রমিক নির্যাতন বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে গত রোববার চট্টগ্রামে পালিত হয়েছে ঐতিহাসিক মে দিবস। রোববার বেলা ১১টার দিকে অটোরিকশা ও টেম্পো শ্রমিকেরা নগরে শোভাযাত্রা বের করেন। এ সময় তাঁরা নগরের চেরাগী পাহাড় মোড়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেওয়ানহাটে সমাবেশ করেন।সকালে নগরের কদমতলী চত্বর থেকে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র মে দিবসের মিছিল বের করে। এতে নগরে বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কর্মরত কয়েক হাজার শ্রমিক অংশ নেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরোনো রেলস্টেশন চত্বরে এসে শেষ হয়। সেখানে সংগঠনের আহ্বায়ক রাহাতুল্লাহের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ হয়।দুপুর ১২টার দিকে রেলওয়ে ওয়েজিউল্লাহ ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশের আয়োজন করে বেকারি অ্যান্ড কনফেকশনারি ওয়ার্কার্স ইউনিয়ন। সংগঠনের সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। সকালে নগরের জেলা পরিষদ মার্কেটের সামনে হোটেল শ্রমিক ইউনিয়ন সমাবেশের আয়োজন করে।বিকেল পাঁচটার দিকে নগরের ডিসি হিল প্রাঙ্গণে মে দিবস উপলক্ষে শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মে দিবস উদ্যাপন পরিষদ। চট্টগ্রামের পাঁচটি সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে এর আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নেয় উদীচী চট্টগ্রাম জেলা শাখা, চট্টগ্রাম থিয়েটার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বোধন আবৃত্তি পরিষদ ও প্রমা আবৃত্তি সংগঠন।শহীদ মিনারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক শাখা সমাবেশ করে। এর আগে পরিবহনশ্রমিকদের শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।নগরের কাজীর দেউড়ি এলাকায় জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে বিভাগীয় শ্রমিক দল এবং পুরোনো স্টেশন চত্বরে শ্রমিক লীগ পৃথক সমাবেশের আয়োজন করে। সকালে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে মে দিবসের শোভাযাত্রা বের করে চট্টগ্রাম সংবাদপত্রসেবী ঐক্য পরিষদ। এ ছাড়া জাতীয় নির্মাণ শ্রমিক পার্টি, বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদ, বিপ্লবী শ্রমিক আন্দোলন শোভাযাত্রা বের করে।