নানা নাটকের পর ঢাকার আশুলিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে ধর্ষণের ঘটনায় অবশেষে মামলা নিয়েছে সাভার থানার পুলিশ। ধর্ষকদের সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হোটেলের ব্যবস্থাপক জাকির হোসেনকে।ওই শিক্ষিকা বলেন, গত শনিবারের ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং মানসম্মানের ভয়ে ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করেন। পরে তাঁর ছোট ভাইয়ের (রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল) পরামর্শে গত মঙ্গলবার তিনি সাভার থানায় গিয়ে অনেক সংগ্রামের পর একটি লিখিত অভিযোগ করতে সক্ষম হন। লিখিত অভিযোগ পাওয়ার পর থানার দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত করেন।মঙ্গলবার বেলা তিনটার দিকে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘ধর্ষণের শিকার ওই শিক্ষিকার লিখিত অভিযোগ পেয়েছি। মামলা রুজু হচ্ছে।’ওই দিন সন্ধ্যা সাতটার দিকে এসআই আবুল হোসেন প্রথম আলোর এই প্রতিবেদকের কাছে ফোন করে এ ব্যাপারে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। তিনি বলেন, ‘বাদী মামলা করতে রাজি নন। তাই সংবাদ ছাপিয়ে লাভ কী? এ ছাড়া শিক্ষিকা স্বেচ্ছায় ওই হোটেলে যান।’রাত নয়টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে এসআই আবুল বলেন, ‘ধর্ষিতা মামলা করবেন না বলে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। তাই শেষ পর্যন্ত মামলা রুজু করা সম্ভব হয়নি। লিখিত ওই অঙ্গীকারনামার বিষয়বস্তু থানার সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।’এরপর ওই শিক্ষিকার ভাইয়ের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তাঁরা কোনো লিখিত অভিযোগ করেননি। অথচ এর আগে মঙ্গলবার দুপুরে থানা মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছিলেন।গতকাল সকালে যোগাযোগ করা হলে থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) খায়রুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই শিক্ষিকার মামলাটি রুজু করা হয়েছে মঙ্গলবার রাত সাড়ে আটটায়, যার নম্বর ৫৩। ওই ঘটনায় হোটেলের ব্যবস্থাপক জাকির হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।একাধিক সূত্র থেকে জানা গেছে, এসআই আবুল হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ওই শিক্ষিকাকে নানা ভয়ভীতি, হয়রানি ও ঘটনা জানাজানি হবে এই কথা বলে মামলা করা থেকে বিরত রাখেন। কিন্তু প্রথম আলোয় সংবাদ প্রকাশ হওয়ার পর গতকাল সকালে মামলা রুজু করেন। গতকাল সকালে মামলা করা হলেও ঝামেলা এড়াতে মামলা রুজুর সময় দেখানো হয় মঙ্গলবার রাত সাড়ে আটটায়।এ ব্যাপারে এসআই আবুল হোসেনের সঙ্গে গতকাল দুপুরে যোগাযোগ করা হলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আপনি তো সবই জানেন। আমাকে জিজ্ঞাসা করেন কেন?’ তিনি আর্থিক সুবিধা নেওয়ার কথা অস্বীকার করেন।মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত ওই শিক্ষিকার মামলা রুজু হওয়ার কথা অস্বীকার করার পরও ওই দিন রাত সাড়ে আটটায় কী করে মামলা হলো জানতে চাইলে এসআই আবুল বলেন, ‘প্যাঁচ তো আপনি লাগাইছেন। প্রথম আলোয় সংবাদ প্রকাশ হওয়ার কারণেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’গত শনিবার এক ব্যক্তি নিজেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা পরিচয় দিয়ে ওই শিক্ষিকাকে সাভারের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই ব্যক্তির সহযোগীও শিক্ষিকাকে ধর্ষণ করেন। তাঁরা ওই শিক্ষিকার ব্যাগে থাকা ১০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইনও লুটে নেন।