নানা নানির আশ্রয়ে নবজাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসমা আক্তারের নবজাতক ছেলে তার নানা-নানির আশ্রয় পেল। আর আসমার মরদেহ গতকাল মঙ্গলবার রাজধানীর উপকণ্ঠ টঙ্গীর আরিচপুরে দাফন করা হয়েছে।
নবজাতক সন্তান ও বোনকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালানোর সময় গত রোববার রাতে ধরা পড়েন আসমা আক্তার। এ ঘটনায় আটক করা হয় আসমার বোন সুমি আক্তারকে। তিনি এখন কারাগারে।
গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আসমা আক্তার মারা যান। পরে তাঁর মরদেহ হাসপাতাল কর্তৃপক্ষের ভাড়া করে দেওয়া অ্যাম্বুলেন্সে টঙ্গীর আরিচপুরে নেওয়া হয়। সঙ্গে নেওয়া হয় আসমার নবজাতক সন্তানকেও।
আসমার বাবা আবদুল আউয়াল মুঠোফোনে বলেন, গতকাল সকালে আসমার লাশ আরিচপুর কবরস্থানে দাফন করা হয়েছে। নবজাতককে কীভাবে বাঁচাবেন এ নিয়ে তাঁরা এখন চিন্তিত। তিনি অভিযোগ করেন, আসমার স্বামী জহিরউদ্দিনের তাচ্ছিল্যের কারণে তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। এখন জহিরের বিরুদ্ধে মামলা করবেন তাঁরা।
এদিকে গতকাল সকালে আসমার মৃত্যু নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তরে এক বৈঠক হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের উপপরিচালক মো. মুশফিকুর রহমান ও গাইনি বিভাগের চিকিৎসকেরা। গাইনি বিভাগের চিকিৎসকেরা পরিচালককে জানান, উচ্চমাত্রার জন্ডিস নিয়ে সন্তানসম্ভবা আসমা গত শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ কারণে তাঁর লিভারও কাজ করছিল না। ক্ষতিগ্রস্ত ছিল কিডনিও। অবস্থার অবনতি ঘটে তাঁর মৃত্যু হয়েছে।
মৃত্যুর আগে গত রোববার আসমা প্রথম আলোকে বলেছিলেন, তিনি টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন। সেখানে দেড় মাসের বকেয়া বেতন দেওয়ার তারিখ ছিল সোমবার। বাচ্চা বিক্রির জন্য নয়, পোশাক কারখানার বেতন ওঠানোর জন্যই তিনি হাসপাতাল থেকে যেতে চেয়েছিলেন।
হাসপাতালের উপপরিচালক মো. মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতালের ছাড়পত্র না নিয়ে নবজাতককে নিয়ে সুমি পালাচ্ছিলেন। গভীর রাতে এ আচরণে আনসার ও হাসপাতাল ক্যাম্পের পুলিশ সুমিকে চোর সন্দেহ করে আটক করে। এ সময় সুমি নিজেকে নবজাতকের খালা পরিচয়ও দেননি। এ কারণে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।