নানা নামে তৎপর শিবির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হলেন কয়েকজন তরুণ। তাঁদের একজন আশপাশ দেখে একটি ব্যানার মেলে ধরলেন। তাতে লেখা ‘বিশাল মানববন্ধন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গত ১১ জানুয়ারি ১২ নিরীহ ছাত্রের ওপর সন্ত্রাসী হামলার বিচার ও ক্ষতিপূরণ চাই’।নয়জন তরুণ ব্যানারটি মেলে ধরে দাঁড়ান। দুই পাশ থেকে আরও দুজন পাহারা দেওয়ার মতো তাঁদের দেখভাল করছিলেন। মানববন্ধনের আয়োজক হিসেবে ব্যানারে লেখা—‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও অভিভাবক ফোরাম’। মিনিট পাঁচেকের জন্য ব্যানারটি মেলে ধরলে সামনে থেকে একজন কয়েকটি ছবি তুললেন। এরপর মুহূর্তেই তাঁরা উধাও। তবে বিকেলে প্রথম আলোসহ বিভিন্ন সংবাদপত্রের স্থানীয় কার্যালয়গুলোতে ওই কর্মসূচির ছবিসহ প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ‘ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও অভিভাবক ফোরাম’ ছাড়াও গত এক সপ্তাহে অন্তত সাতটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, যারা ছাত্রশিবিরের পক্ষে বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করছে। অনুসন্ধানে জানা গেছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিবিরের ধর্মঘটকে সফল করতেই শিবিরের নেতারা এসব সংগঠন বানাচ্ছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গোলাম আযম গ্রেপ্তার হলে ছাত্রলীগ ১১ জানুয়ারি ক্যাম্পাসে আনন্দ মিছিল করে। এ নিয়ে ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়। এরপর শিবির হলছাড়া। ১৫ জানুয়ারি থেকে ক্যাম্পাসে ধর্মঘট ডেকেছে শিবির। তবে সেই ধর্মঘট উপেক্ষা করেই ক্লাস চলছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ধর্মঘট আহ্বান করেও সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় শিবিরের নেতা-কর্মীরা পরিবহন ভাঙচুর, চোরাগোপ্তা হামলা ও মুঠোফোনে হুমকি দেওয়া শুরু করেন। তাতেও কাজ না হওয়ায় শিবিরের পৃষ্ঠপোষকতায় নানা নামে সাংগঠনিক তৎপরতা শুরু হয়। সংবাদপত্রে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির সূত্রে গত ২০ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ছয় দিনে সাতটি সংগঠনের নাম পাওয়া গেছে, যারা শিবিরের পক্ষে প্রচার চালাচ্ছে। ‘অভিভাবক মহল’, ‘প্রাক্তন শিক্ষার্থী’, ‘নাগরিক কমিটি’, ‘নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি’, ‘ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন’, ‘সাস্ট এক্স স্টুডেন্ট’ এসব নামে তৎপরতা চলছে। গত মঙ্গলবার ‘সাস্ট এক্স স্টুডেন্ট’ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ‘শাবিপ্রবির অচলাবস্থায় ১৫১ জন প্রাক্তন শিক্ষার্থীর উদ্বেগ’ বলে একটি বিবৃতি দেওয়া হয়। তবে তাতে কোনো প্রাক্তন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি। মারুফ নামের একজন সংবাদ বিজ্ঞপ্তিটির প্রেরক ছিলেন। গতকাল তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘১৫১ জনের নাম কোনো পত্রিকা ছাপবে না। এ জন্য আমরা নাম দিইনি।’‘অভিভাবক মহল’ নামে প্রেরণ করা সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া একটি মুঠোফোনে যোগাযোগ করলে ওপর প্রান্ত থেকে ফোন রিসিভ করা ব্যক্তি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘তাঁর কোনো ছেলেসন্তান নেই। নিকট আত্মীয় কেউ শিক্ষার্থী নয়। কেউ হয়তো এমনি তাঁর নাম ব্যবহার করেছে।’ নব্য সৃষ্টি হওয়া এসব সংগঠনের বক্তব্য ঘেঁটে দেখা গেছে, ধর্মঘট আহ্বান করার হুমকি দিয়ে ১২ জানুয়ারি শিবির সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছিল, তাঁর সঙ্গে বিভিন্ন দাবিদাওয়ার মিল রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই ক্যাম্পাসে সবার সহাবস্থান ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভুষণ বড়ুয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘শিবিরের পক্ষে ভিন্ন ভিন্ন নামে কিছু সাংগঠনিক তৎপরতা সম্পর্কে পুলিশ অবহিত আছে। তাই এসব সংগঠনের কাজের ওপর নজরদারি করা হচ্ছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয়।’