নানা বাধা, তবু আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের দোকানে সবুজ l ছবি: প্রথম আলো
নিজের দোকানে সবুজ l ছবি: প্রথম আলো

এক চোখে আলো নেই। লেন্স ছাড়া দেখতে পান না অপর চোখেও। সামনে এগোনোর পথে নানা বাধা। তবু আশা ছাড়েননি সবুজ। ‘লাইফ গুছিয়ে নেওয়ার’ চেষ্টা চলছে তাঁর।

পূর্ব তেজতুরী বাজার এলাকায় চৌকি নিয়ে বসে আয়না-চিরুনিসহ টুকিটাকি জিনিসপত্র বিক্রি করেন সবুজ। বিক্রিবাট্টা বেশি হওয়ার আশায় বুদ্ধি করে চৌরঙ্গীর মোড়ে দিয়েছেন অস্থায়ী দোকান।

সবুজের পুরো নাম বলতে নাকি কিছু নেই। লিখতে বললেন, মো. সবুজ। বয়স ২৫ বছর। বাড়ি লক্ষ্মীপুরের আলীপুর গ্রামে। জীবিকার তাগিদ মাত্র ১০ বছর বয়সে তাঁকে তাড়িয়ে নিয়ে এসেছে রাজধানীতে। এখন থাকেন তেজতুরী বাজার এলাকায়।

সম্প্রতি সবুজের চৌকি-দোকানের সামনে দাঁড়িয়ে কথা হয় তাঁর সঙ্গে। কাজে-কর্মে, কথাবার্তায় বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট। তাঁর বেশভূষাও অভিনব। কানে দুল আর মাথায় ব্যান্ড পরেন সবুজ। এই বেশভূষা নেওয়ার পেছনে কাজ করেছে ব্যবসায়িক ‘বুদ্ধি’।

সবুজ বলেন, ক্রেতা আকর্ষণের জন্য তিনি উল্টো করে আঁচড়ানো চুলে ব্যান্ড আর কানে দুল পরেন। অবশ্য এটা এখন তাঁর ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তাঁর ধারণা, এই বেশভূষার কারণে নারী ক্রেতারা তাঁর সঙ্গে কথা বলতে স্বস্তি বোধ করেন। তাঁর মূল গ্রাহকও মহল্লার নারী-শিশুরা।

বেচাকেনার ফাঁকে কথা বলছিলেন সবুজ। এর মাঝেই ১৫ টাকায় একটা চিরুনি বিক্রি করলেন। ক্রেতা ২০ টাকার নোট দিলে হেসে দিয়ে বললেন, ‘এক টাকা কম দিই, আপা?’ মৃদু হেসে সম্মতি জানাতেই চার টাকা ফেরত দিলেন সবুজ। এর মধ্যে দুটি সেফটিপিন ফেরত দিতে এল দুই শিশু। কোনো বাহানা না করে ফেরত নিলেন তিনি।

সবুজ বলেন, এখানকার বেশির ভাগ ক্রেতাই তাঁর পরিচিত। তাই কারও কাছে আহামরি দাম চান না। লাজুক হেসে বললেন, ‘পরিচিত মানুষকে কি ঠকানো যায়, বলেন?’ এ সময় একটি পণ্যের কেনা ও বিক্রির দাম জানালেন তিনি। দেখা গেল, এতে ফারাক খুব বেশি নেই।

২৫ বছরের এই তরুণের মনে অন্যকে না ঠকানোর ইচ্ছা থাকলেও জীবনে কম ‘ঠোকর’ খাননি তিনি। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। মা সংসার চালাতে পারতেন না। তাই ১০ বছর বয়সে কাউকে না বলে ঢাকায় চলে আসেন সবুজ। প্রথম দুই বছর লোকের কাছে চেয়েচিন্তেও চলেন তিনি।

সবুজ বলেন, এভাবে চলতে ভালো না লাগায় মিরপুর এলাকায় পত্রিকার হকারের কাজ নেন তিনি। প্রায় ১২ বছর এই কাজ করেন। কিন্তু সেখানে হকারদের ‘সিন্ডিকেটের’ কারণে টিকতে পারেননি। একপর্যায়ে একটি দুর্ঘটনায় ডান চোখ ক্ষতিগ্রস্ত হয় তাঁর।

এর আগে ছোটবেলায় গ্রামের এক বন্ধুর ছোড়া ছোট নারকেলের আঘাতে বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়। পরে পাঁচ বছর বয়সে চৌকি থেকে পড়ে গিয়ে সেই চোখে আবার আঘাত লাগে। একপর্যায়ে চোখটি নষ্ট হয়ে যায়। সবুজ বলেন, ‘এর জন্য কার দোষ দিমু? সবই কপাল!’

তবে সময় পক্ষে না থাকলেও জীবন থেকে পালিয়ে যেতে চান না সবুজ। জানালেন, যা আয় হয়, তা থেকে মাসে এক-দুই হাজার টাকা বাড়িতে মায়ের কাছে পাঠান। এই নিয়ে ভালোই আছেন। সামনে ব্যবসা বাড়ানোর ইচ্ছা আছে তাঁর। বিয়ে করার ইচ্ছা নেই? লাজুক হেসে বললেন, ‘লাইফটা আরেকটু গুছিয়ে নিতে পারলে সেটারও ইচ্ছা আছে।’