প্লাটফর্মে টিকিট বিক্রেতার সঙ্গে রীতিমতো ঝগড়া বেধে গেল মো. শাহীনের। চাঁদপুরের মেঘনা এক্সপ্রেসের প্রতিটি টিকিটের (স্টান্ডিং) দাম ১২০ টাকা করে চাওয়ায় এই ঝগড়ার সূত্রপাত। শাহীনের বক্তব্য, ‘কাউন্টারে ৮০ টাকা করে নিচ্ছে। এখানে ৪০ টাকা বেশি কেন?’জানা যায়, টিকিট কাউন্টারে ভিড় বেশি থাকায় ঈদ উপলক্ষে প্লাটফর্ম থেকে তাৎক্ষণিকভাবে টিকিট দেওয়ার এই ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। এই সুবিধার বিনিময়ে রেলওয়ে কর্তৃপক্ষই টিকিটের বেশি দাম নির্ধারণ করেছে। কিন্তু বিষয়টি নিয়ে কোনো প্রচারণা না থাকায় শাহীনের মতো অনেক যাত্রীই প্লাটফর্মের টিকিট বিক্রেতাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ছেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা বেশি দামেই টিকিট নিচ্ছেন। কিন্তু ট্রেনে উঠতে গিয়ে তাঁদের পড়তে হচ্ছে ধাক্কাধাক্কির কবলে। এ ছাড়াও যাত্রীদের পড়তে হচ্ছে নানা ধরনের বিড়ম্বনায়। কিন্তু বাড়ি ফেরার আনন্দের কাছে হার মানছে সব বিড়ম্বনা।সরেজমিনে চট্টগ্রাম রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ভিড় ঠেলে যাত্রীরা ট্রেনে উঠছেন। এই সময় অনেক যাত্রীকে জানালা দিয়ে ট্রেনে উঠতে দেখা যায়। এ ছাড়া অনেকে উঠে পড়েছেন ট্রেনের ছাদে। পুরুষেরা ভিড় সামলে উঠতে পারলেও অসহায় দেখা গেছে নারী ও শিশুদের।একটি বগিতে ৬০টি আসনের বিপরীতে দেড় শয়ের মতো যাত্রী উঠতে দেখা গেছে।এদিকে কদমতলী বিআরটিসির বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ঢাকা কিংবা নোয়াখালী যাত্রাপথের কোনো টিকিট নেই। বাধ্য হয়ে লোকাল বাসে চড়তে হচ্ছে অনেককে। কিন্তু বেশি ভাড়া গুনতে হচ্ছে তাঁদের।সবচেয়ে সমস্যার মধ্যে আছেন উত্তরবঙ্গের যাত্রীরা। চট্টগ্রামে উত্তরবঙ্গের অনেক মানুষ থাকেন। কিন্তু সে অনুযায়ী পরিবহন নেই। চাঁপাইনবাবগঞ্জের ভাড়া ৬০০ টাকা হলেও একটি বাস সার্ভিস প্রতি টিকিটে ২০০ টাকা করে বেশি নিচ্ছে। পাবনাগামী বাসের ৫৫০ টাকার টিকিটের দাম নেওয়া হচ্ছে ৭০০ টাকা করে।বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকারও করছেন এসব পরিবহনের কর্মকর্তারা। শ্যামলী বাস সার্ভিসের বিআরটিসি কাউন্টারের ব্যবস্থাপক সুশান্ত ঘোষ বলেন, ‘আমরা ঈদ উপলক্ষে ভাড়া বেশি নিচ্ছি। কারণ, ওদিক থেকে আসার পথে আমরা কোনো যাত্রী পাচ্ছি না।’একই ভাবে ফেনী ও কুমিল্লার ভাড়াও ৩০ থেকে ৫০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে।তবে বেশি ভাড়া দিতেও আপত্তি নেই ঈদে ঘরমুখী যাত্রীদের। মহাসড়কে যানজটের কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। একই ভাবে বিলম্বিত হচ্ছে ট্রেনের যাত্রাও। ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী গতকাল পৌঁছেছে দেড় ঘণ্টা বিলম্বে। ওই ট্রেনের যাত্রী নাঈমুল ইসলাম বলেন, ‘অনেক কষ্টে ট্রেনের টিকিট নিয়েছিলাম। কিন্তু ট্রেনও বিলম্ব করছে। কিন্তু শেষ পর্যন্ত যে আসতে পেরেছি এটাই শান্তি।’