নানা ভাষার যুদ্ধবিরোধী কবিতাসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণমালা দিয়ে সাজানো হয়েছিল মঞ্চ। বাংলার সঙ্গে বিদেশি ভাষার বর্ণমালাও ছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ভাষার কবিতা নিয়ে আয়োজন করা হয়েছিল যুদ্ধবিরোধী কবিতা আবৃত্তি অনুষ্ঠান ‘আমি তোমায় ভালোবাসি’। ‘যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা’ স্লোগান নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হলো ডালিয়া আহমেদের এই আবৃত্তি অনুষ্ঠান।অনুষ্ঠানে পাঁচটি ভাষার কবিতা আবৃত্তি করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বাংলা, ইংরেজি, জাপানি, চীনা ও ফরাসি ভাষাভাষী পাঁচ তরুণী আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ হাসান ইমাম। আয়োজকদের পক্ষ থেকে হাসান ইমামকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, ‘যুদ্ধবিরোধী এমন ব্যতিক্রমী অনুষ্ঠান সত্যি উপভোগ্য। এটি একটি চমত্কার উদ্যোগ।’আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার মাথা নত করে দাও’ কবিতা দিয়ে। পরে তিনি কবিতাটি ইংরেজিতেও আবৃত্তি করেন। এরপর তিনি বাংলা ও ইংরেজিতে আবৃত্তি করেন জসীমউদ্দীনের ‘আমার এমন বাংলা ভাষা’, সুফিয়া কামালের ‘আশ্চর্য এমন দিন’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘রাত পাখির ডাক’, আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো, ওরা বলে’ এবং নির্মলেন্দু গুণের ‘যুদ্ধ’ কবিতা। এ ছাড়া তিনি চাকমা ভাষাসহ আরও কয়েকটি ভাষার কবিতা আবৃত্তি করেন।মূলত আবৃত্তির অনুষ্ঠান হলেও এর সঙ্গে ছিল সংগীত ও নৃত্য। শিল্পী সাদি মুহম্মদের গান এবং কবিতার সঙ্গে শিল্পী সামিনা হোসেনের নৃত্য পুরো অনুষ্ঠানকেই বেশ উপভোগ্য করে তোলে।আবৃত্তি অনুষ্ঠানটি উপভোগ করতে মিলনায়তনে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীরা। এ ছাড়া বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের নাগরিকেরাও এ কবিতা আবৃত্তি অনুষ্ঠান উপভোগ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষার চলচ্চিত্র উত্সবঅপসংস্কৃতির প্রভাবিত চলচ্চিত্র বর্জন করে জীবনকে সুন্দর করে এমন চলচ্চিত্র দেখতে তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়েছেন ভাষাসৈনিক রওশন আরা। তিনি বলেন, ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে হলে অযথা বিদেশি ভাষা মিশিয়ে কথা না বলে নিজের ভাষায় শুদ্ধভাবে কথা বলতে হবে। শিক্ষাঙ্গনে হানাহানির রাজনীতিও বন্ধের দাবি জানান তিনি।একুশের চেতনাকে কেন্দ্র করে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করে এ কথা বলেন ভাষাসৈনিক রওশন আরা। তিনি আরও বলেন, ‘বাংলা চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সংস্কৃতির সুন্দর বিকাশ ঘটাতে হবে। কালের আবর্তনে বাংলা ভাষার স্বকীয়তা যেন হারিয়ে না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে সবাইকে।’ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নতুন প্রজন্মকে যেমন বায়ান্নর ভাষা আন্দোলন সম্পর্কে জানতে হবে, তেমনি বিশ্ববাসীর কাছে বাংলা ভাষাকে তুলে ধরার প্রচেষ্টা চালাতে হবে।চলচ্চিত্র সংসদের সভাপতি নাহাদ-উল-কাশাম বলেন, ভাষার মাস ফেব্রুয়ারিতে প্রতিবছরই বাংলা চলচ্চিত্র নিয়ে এ উত্সবের আয়োজন করা হয়ে থাকে। ভাষা আন্দোলন ও ভাষার প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন।সপ্তাহব্যাপী উত্সব চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন চারটি সেশনে সাত দিনে মোট ২৮টি চলচ্চিত্র দেখানো হবে। সকাল ১০টা, বেলা একটা, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় দেখানো হবে চলচ্চিত্রগুলো। প্রতিটি প্রদর্শনীর টিকিটের মূল্য ১৫ টাকা।গতকাল উদ্বোধনী দিনে হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি, নারায়ণ ঘোষের নীল আকাশের নিচে, আবু সাঈদ পরিচালিত শঙ্খনাদ ও অপর্ণা সেনের পরমা চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। উত্সবের উদ্বোধনী দিনই শিক্ষার্থীদের ভিড় ছিল টিএসসিতে। শিক্ষার্থীরা লাইন ধরে টিএসসির মিলনায়তনে বড় পর্দায় চলচ্চিত্রগুলো দেখেন।ঢাকা পদাতিকের নতুন নাটক ‘পাইচো চোরের কিচ্ছা’ঢাকার মঞ্চে আরেকটি নতুন নাটক এল—পাইচো চোরের কিচ্ছা। ঢাকা পদাতিক এনেছে নাটকটি। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারের মঞ্চে গতকাল সোমবার সন্ধ্যায় এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।এটি খুলনা অঞ্চলের প্রচলিত একটি লোককাহিনিভিত্তিক নাটক। একটি সহজ গল্পকে লোক-আঙ্গিকের আশ্রয়ে সরলভাবে উপস্থাপন করেছেন ঢাকা পদাতিকের সদস্যরা। নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কাজী চপল।প্রথম প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করেছে। মিলনায়তন ছিল পরিপূর্ণ। সংলাপ ও আলো-ছায়ার খেলার পাশাপাশি দর্শক মুগ্ধ হয়েছে লোকরীতির গানে। বিজয় সরকার, আলেক মাতুব্বর, মোসলেম বয়াতিসহ খুলনা এলাকার অসংখ্য লোককবির সুরে যে ভাব, রস আমাদের মনে সঞ্চার করেছে, তা-ই এ নাটকের মূল সুর।বিভিন্ন চরিত্রে ছিলেন মাসুদ আহাম্মদ, শাওন রায় চৌধুরী, শাহনাজ বেগম, দেবাশীষ ফণী, লিটন চক্রবর্তী, আরিফ হোসেন, সোনিতা নাসরিন, কাজী সম্রাট, কাজী শিলা, কবির হোসেন প্রমুখ।