নানা রঙে বর্ষবরণ
রংতুলিতে মুখে আঁকা ‘শুভ নববর্ষ’। মাথায় বাহারি রঙের কাগজের টুপি। কারও হাতে বাঁশি, কারও বা ঘুরনি খেলনা। নববর্ষের দিনজুড়ে এভাবেই মা-বাবা কিংবা স্বজনের হাত ধরে ঘুরে বেড়িয়েছে শিশুরা। তরুণ-তরুণীরা সেজেছিলেন বৈশাখী সাজে। কোথাও রবীন্দ্রসংগীত, কোথাও বা মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বাঙালির নতুন বছর বাংলা ১৪২১। দেশের বিভিন্ন স্থানে গত সোমবার নানা আয়োজনে চলে বর্ষবরণের অনুষ্ঠান। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাণের উচ্ছ্বাসে মেতেছিল শহরবাসী। শহরের রাস্তাঘাট আর বৈশাখী উৎসবস্থলে নেমেছিল মানুষের ঢল। শহরের এডওয়ার্ড পৌর পার্কের শহীদ টিটু মিলনায়তনে বৈশাখী মেলায় মানুষের ঢল উৎসবস্থল ছাপিয়ে গোটা শহরে ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে সাতটায় প্রথম আলোর বগুড়া বন্ধুসভার সদস্যরা শেরপুর সড়কের সূত্রাপুর কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের করেন। সকাল আটটার দিকে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে তাদের আয়োজনে লোকজ সংস্কৃতি ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সকালে এডওয়ার্ড পার্কে পাঁচ দিনব্যাপী বগুড়া থিয়েটার আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। পৌর মেয়র এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও বৈশাখী উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি ও চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ।
সিরাজগঞ্জ: ভোর হতেই বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন তাদের ব্যানার নিয়ে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জড়ো হতে থাকে। পরে জেলা প্রশাসনের আয়োজনে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সকাল থেকেই বিভিন্ন জায়গায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
পাবনা: সকালে পাবনা জেলা প্রশাসন, পাবনা ড্রামা সার্কেল, স্কয়ার গ্রুপ, ইউনিভার্সাল গ্রুপ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিল্পপ্রতিষ্ঠান শহরে মঙ্গল শোভাযাত্রা বের করেছে। সকাল নয়টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হয় বৈশাখী উৎসব।
নীলফামারী: বিভিন্ন স্কুল-কলেজ, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন পয়লা বৈশাখে শোভাযাত্রা করেছে। বিভিন্ন স্টলে পান্তা-ইলিশ খাওয়ার ধুম পড়ে যায়। বিভিন্ন সংগঠনের উদ্যোগে চলে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, খেলাধুলাসহ নানা আয়োজন। শহরজুড়ে বেশ কয়েকটি স্থানে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
পঞ্চগড়: কালেক্টরেট চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন শোভাযাত্রার নেতৃত্ব দেন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বৈশাখী মেলা ও লোকজ উৎসবের আয়োজন করা হয়। এতে পান্তা উৎসব, পিঠা উৎসব, লাঠি খেলা, বানর খেলা, সাপ খেলা, হাডুডু খেলার আয়োজন করা হয়। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন।