নানা রঙের খাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশন কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে খাদি উৎ​সবের র‍্যাম্পে মডেলদের সঙ্গে ডিজাইনার মাহিন খান l ছবি: প্রথম আলো
ফ্যাশন কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে খাদি উৎ​সবের র‍্যাম্পে মডেলদের সঙ্গে ডিজাইনার মাহিন খান l ছবি: প্রথম আলো

একটা সময় যে খাদি অনেকে গরিবের পোশাক হিসেবে দেখত, এখন সেটাই ফ্যাশনে জনপ্রিয় কাপড়। খাদিকে আবার জনপ্রিয় করতে এই উদ্যোগ তাই বিশেষ ভূমিকা রাখবে। তবে এমন আয়োজন শুধু ঢাকাকেন্দ্রিক না করে সারা দেশে খাদির পোশাক ছড়িয়ে দিতে পারলেই খাদি জনপ্রিয় হবে। গতকাল শুক্রবার র্যাডিসন হোটেলে দুই দিনব্যাপী খাদি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেন।
ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করেছে। ‘খাদি দা ফিউচার ফেব্রিক শো’ নামের এই উৎসবে ১৭ জন দেশি ডিজাইনার ছাড়াও চারটি দেশের বেশ কয়েকজন ডিজাইনার অংশ নিচ্ছেন। প্রথম দিনের আয়োজনে ডিজাইনার মাহিন খান, লিপি খন্দকার, বিপ্লব সাহা, হুমায়রা খান, চন্দনা দেওয়ান, তেনজিং চাকমা, মারিয়া ইসলাম ও রিফাত রেজার পোশাক প্রদর্শিত হয়। এ ছাড়া ভারতের ডিজাইনার অনুজ শর্মা ও গৌরব গুপ্ত, শ্রীলঙ্কার ডিজাইনার সোনালি থারমা, মালয়েশিয়ার অ্যাড্রিক ওম তাদের পোশাক তুলে ধরেন। দেশি ডিজাইনাররা এবার খাদি কাপড়ের নকশা করেছেন দেশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের নকশা অনুকরণে। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের প্রেসিডেন্ট মাহিন খান বলেন, ‘গত বছর প্রথমবার খাদি উৎসবে মানুষের সাড়া দেখেই আমরা আবার আয়োজনের সাহস পেয়েছি। এই আয়োজনের জন্য পুরো বছর ধরে আমাদের ডিজাইনাররা নানা ধরনের নিরীক্ষা চালিয়েছে। আর তারই ফসল দেখছেন ফ্যাশন শোতে। আমরা এই ঐতিহ্যবাহী কাপড়কে আবার জনপ্রিয় করে তুলতেই এমন উদ্যোগ শুরু করেছি।’
অনুষ্ঠানের শুরুতে মরণোত্তর আজীবন সম্মাননা দেওয়া হয় কুমিল্লার গ্রামীণ খাদি প্রতিষ্ঠানের সাবেক স্বত্বাধিকারী অরুণ গুহকে। তাঁর পক্ষে পরিবারের লোকেরা সম্মাননা গ্রহণ করেন। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের ও মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক। উৎসবের আজ শেষ দিন।