প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নানা ষড়যন্ত্র আছে। অনেক কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে। তবে মানুষ ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এটুকু অনুধাবন করতে পেরেছে যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের ওপর ‘কালোত্তীর্ণ ভাষণটি বাঙালি জাতির অনন্ত অনুপ্রেরণা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সেমিনার হয়।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন লেখক ও সাংবাদিক আবুল মোমেন।শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তাঁর আদর্শ বুকে ধারণ করেই সে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এটা আমরা করতে পারব।’ তিনি দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে কাজ করলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তোলা সম্ভব। এ ছাড়া নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা দিন দিন বলিষ্ঠ হচ্ছে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে লক্ষ্য অর্জন সম্ভব।প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। তবে এখন আর মিথ্যা ইতিহাস দিয়ে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা যাচ্ছে না। তিনি পাকিস্তানি জেনারেল নিয়াজির একটি বই উদ্ধৃত করে বলেন, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের পরই পাকিস্তান ভেঙে যায়, এ কথা নিজেই স্বীকার করেছেন।সাতই মার্চের ভাষণ দেওয়ার আগে বঙ্গবন্ধুর প্রস্তুতির স্মৃতিচারণা করে শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু জনসভায় যাওয়ার আগে খাওয়াদাওয়া করে সব সময় কিছুক্ষণ বিশ্রাম নিতেন। সেদিনও তিনি বিশ্রামে গেলেন। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মা একটি মোড়া নিয়ে পাশে বসে আব্বাকে বললেন, “তোমার সামনে লাখো জনতা। তাদের হাতে লাঠি। তারা যেন হতাশ না হয়। আবার পেছনে ইয়াহিয়ার বন্দুক। মানুষগুলোর কথা চিন্তা করতে হবে। তোমাকে যে যা-ই বলুক, মন থেকে যা আসবে, জনসভায় তা-ই বলবে।” এ ঘটনার আমি প্রত্যক্ষদর্শী। বঙ্গবন্ধু কিন্তু সেদিন লিখিত বক্তৃতা দেননি।’মূল প্রবন্ধে আবুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ অনির্বাণ শিখার মতো। এর আলো আমাদের পথ দেখায়। এ ভাষণ ৪০ বছর পর আজও প্রাসঙ্গিক এবং উদ্দীপনাময়। তিনি বলেন, এটি কোনো সাধারণ ভাষণ নয়। এর তুলনা হতে পারে শিল্পের সঙ্গে। উৎকণ্ঠায়, উত্তেজনায় অস্থির একটি জাতিকে ২০ মিনিটের ভাষণ সেদিন প্রাণসঞ্চার করেছিল।মূল প্রবন্ধের ওপর আলোচনায় কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা দেশের সীমানা অতিক্রম করেছিল। যুক্তরাষ্ট্রের একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘সানফ্রান্সিসকোর এক ট্যাক্সি ড্রাইভার আমাকে বললেন, তোমাদের দেশের স্বাধীনতাসংগ্রামে আমার অবদান আছে। আমি জর্জ হ্যারিসন ও রবিশংকরের কনসার্টে টিকিট কিনে অংশ নিয়েছি। শেষ পর্যন্ত ওই ট্যাক্সি ড্রাইভার আমাকে বললেন, তোমরা শেখ মুজিবকে হত্যা করতে পারলে?’বিশিষ্ট সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেন, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের কোনো তুলনা নেই। এটি বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য-সচিব শেখ হাফিজুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রাস্টের সদস্য সৈয়দ সিদ্দিকুর রহমান।