শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসক, ওষুধ ও শয্যা-সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। শয্যা-সংকট এতটাই প্রকট যে রোগীদের ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসাসেবা দিতে হচ্ছে।
জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শেরপুর জেলার ১৫ লাখ মানুষ ছাড়াও পাশের জামালপুর জেলার বকশীগঞ্জ ও সানন্দবাড়ী উপজেলা এবং কুড়িগ্রাম জেলার রাজীবপুর ও রৌমারী উপজেলার অনেক মানুষ চিকিৎসার জন্য এ হাসপাতালের ওপর নির্ভর করে।
হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা বলেন, হাসপাতালে ৩৬টি পদের মধ্যে ২১টি পদে চিকিৎসক আছেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) একটি পদ, জরুরি চিকিৎসা কর্মকর্তার (ইএমও) দুটি ও সহকারী সার্জনের তিনটি পদ শূন্য রয়েছে। এ ছাড়া জ্যেষ্ঠ সার্জারি, মেডিসিন, গাইনি, অর্থোপেডিক, নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ এবং দন্ত, এন্ডোক্রাইনোলজি এবং চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞের পদে চিকিৎসক নেই।
গত ২০ সেপ্টেম্বর হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগে অনেক রোগীর ভিড়। চারজন চিকিৎসকও সেবা দিতে হিমশিম খাচ্ছেন। শয্যা-সংকটের কারণে হাসপাতালের নানা ওয়ার্ডে অনেক রোগী মেঝেতে বিছানা করে থাকছেন।
দুজন চিকিৎসক অভিযোগ করে বলেন, জ্যেষ্ঠ ইএনটি বিশেষজ্ঞের পদে আখতার আহমেদ চৌধুরী ২০০৯ সালের ২৮ এপ্রিল যোগদান করেন। কিন্তু ওই বছরের ২৮ আগস্ট থেকে তিনি কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ২০০৯ সালের নভেম্বরে তাঁকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দিলেও আজ পর্যন্ত তিনি আসেননি। তাঁরা আরও বলেন, ২০০৭ সালে হাসপাতাল চলাকালীন প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগে যৌথবাহিনী হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক) আবদুর রশিদকে গ্রেপ্তার করে। সাময়িক বরখাস্ত হওয়ার পর তিনি আর হাসপাতালে আসেননি। তাঁর পদটিও শূন্য ঘোষণা করা হয়নি।
এ হাসপাতালের অন্তর্বিভাগে গড়ে প্রতিদিন ২৫০ রোগী ভর্তি থাকে। জায়গা না থাকায় তাদের মেঝে, বারান্দা ও সিঁড়িসংলগ্ন স্থানে থাকতে হয়। ১০০ জনের জন্য তৈরি করা খাবার ভাগ করে ভর্তি হওয়া রোগীদের খেতে হয়। শ্রীবরদী উপজেলার চিথলিয়া গ্রামের আনোয়ার উল্লাহ বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় তাঁর ছয় বছরের ছেলে গত ১৭ সেপ্টেম্বর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করিয়েছেন। কিন্তু শয্যা না পাওয়ায় হাসপাতালের বারান্দাতেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেক চেষ্টা করেও একটি শয্যা পাননি।
অন্যদিকে নির্দিষ্ট শয্যার অতিরিক্ত রোগী এ হাসপাতালে আসায় ওষুধেরও সংকট দেখা দিয়েছে। অধিকাংশ রোগীকেই কিছু সাধারণ বড়ি ও ইনজেকশন ছাড়া বাকি সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়। শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের রিনা বেগম (৩০) বলেন, প্রস্রাবের সমস্যা ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছেন। কিন্তু অধিকাংশ ওষুধই তাঁকে বাইরে থেকে কিনতে হচ্ছে।
শেরপুরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আনোয়ার হোসেন গত রোববার বলেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসকের সংখ্যা কম থাকায় চিকিৎসাসেবার কাজ ব্যাহত হচ্ছে। তবে রোগীদের চাপ সামলাতে হাসপাতালটিকে ২৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা ও সব শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।