নানা সংকটে দর্শন বিভাগের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের ব্রজমোহন কলেজের দর্শন বিভাগে শিক্ষার্থী ১ হাজার ২০০ জন। এর বিপরীতে শিক্ষক আছেন মাত্র দুজন। নিয়মিত ক্লাস হচ্ছে না। ক্লাস না হলেও সেশন ফি, সেমিনার ফি, ইনকোর্স ফির নামে হাতিয়ে নেওয়া হচ্ছে বাড়তি টাকা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন শিক্ষক বাড়ানোর কোনো উদ্যোগ নিচ্ছেন না। দু-একজন শিক্ষক এলেও তাঁদের সরিয়ে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, কলেজে দর্শন বিভাগেœস্নাতক (সম্মান) স্নাতকোত্তর পাঠদান চালু হয় ১৯৮৮ সালে। কিন্তু এর জনবল কাঠামো উচ্চমাধ্যমিক কলেজের আদলেই রয়ে গেছে। শুরু থেকে চারজন শিক্ষকের পদ ছিল। দীর্ঘদিনেও নতুন পদ সৃষ্টি হয়নি। বর্তমানে চারটি পদের বিপরীতে আছেন মাত্র দুজন শিক্ষক। একজন সহযোগী অধ্যাপক, অন্যজন প্রভাষক। অথচ কলেজের অন্যান্য বিভাগেœস্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষকের পদ আছে ১২টি। শিক্ষক না থাকা এবং নতুন পদ সৃষ্টি না করায় শিক্ষার্থীদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

বিভাগের তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধার্য ফি ৭০০ টাকা। কিন্তু তাঁদের কাছ থেকে আদায় করা হচ্ছে ১ হাজার ৩০০ টাকা। শিক্ষকদের হাতে নম্বর থাকায় এ ব্যাপারে কোনো কথা বলা যাচ্ছে না।

স্নাতক শেষ বর্ষের এক শিক্ষার্থী বলেন, একজন শিক্ষার্থী এক বিষয়ে ফেল করলে তাঁর কাছ থেকে সেমিনার ফি বা সেশন চার্জ নেওয়ার কথা নয়। কিন্তু বিভাগীয় প্রধান সবার কাছ থেকে সেমিনার ফি ও সেশন চার্জ বাবদ ৯০০ টাকা আদায় করেন। তাঁর বিরুদ্ধে কথা বললে শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় ফেল করানোর হুমকি দেওয়া হয়। ভয়ে শিক্ষার্থীরা মুখ খোলেন না।

আরেক শিক্ষার্থী বলেন, স্নাতক প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত দিনে ১০টা ক্লাস হওয়ার কথা। কিন্তু প্রতিদিন দুইটার বেশি ক্লাস হয় না। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে অকৃতকার্যের হার বাড়ছে।

এ বিষয়ে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. কাইউম উদ্দিন আহম্মেদ বলেন, ‘২৩ বছর ধরে দর্শন বিভাগের সমস্যার কথা শুনে আসছি। দীর্ঘদিনে কোনো বিভাগীয় প্রধান নতুন পদ সৃষ্টিতে উদ্যোগ নেননি। ফলে সেখানে অনিয়মের কথা উঠছে।’ অভিযোগ অস্বীকার করে বিভাগের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকসংকট থাকায় শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। আমার কারণে শিক্ষক থাকে না এমন অভিযোগ ভিত্তিহীন। অকৃতকার্য হওয়া কিছু শিক্ষার্থী সুযোগ-সুবিধা না পাওয়ার কারণে আমার বিরুদ্ধে ওই সব অভিযোগ তুলছে। সেমিনার ফি ও ইনকোর্স ফি যথাযথভাবেই নেওয়া হয়। এর বিপরীতে রসিদও দেওয়া হচ্ছে।’

কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম বলেন, দর্শন বিভাগের শিক্ষকসংকট দীর্ঘদিনের। নিয়ম অনুযায়ী ওই বিভাগে শিক্ষক থাকা দরকার ১২ জন। কিন্তু পদ আছে মাত্র চারটি, শিক্ষক আছেন দুজন। এ ব্যাপারে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছে। দ্রুত শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভাগের নতুন পদ সৃষ্টির জন্যও চেষ্টা চলছে। অভিযোগ থাকলেও শিক্ষকসংকটের কারণে কাউকে সরানো যাচ্ছে না। বিভাগীয় প্রধানের বিরুদ্ধে আর্থিক অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।