নানা সংকটে পঞ্চগড়ে শিশু পরিবারে পড়ালেখা বিঘ্নিত
পঞ্চগড় সরকারি শিশু পরিবারের শিশুরা সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারী না থাকায় তাদের বাধ্য হয়ে শিশু পরিবারের নানা কাজ করতে হয়। এতে তাদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে।
শিশু পরিবারের বড় ভাইয়া আবু আওয়াল বলেন, ‘একজন বড় ভাইয়া প্রেষণে তিন বছর ধরে নীলফামারীতে কাজ করছেন। তাই আমাকে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। এখানে মোট ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও বর্তমানে আছে মাত্র সাতজন। ফলে নানা সমস্যা বিরাজ করছে।’
শিশু সদনের উপ-তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) ও আটোয়ারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাছুম আলী জানান, অল্প বাজেট দিয়ে সবকিছুর ব্যবস্থা করতে হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও মাথাপিছু বরাদ্দ বাড়েনি। শিশুদের চাহিদা পূরণ করতে হলে বরাদ্দের পরিমাণ বাড়ানো প্রয়োজন। সমস্যাগুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ না পাওয়ায় অনেক কিছুই করা সম্ভব হচ্ছে না। বর্তমান বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে সমন্বয় করতে হচ্ছে।
শিশু পরিবার সূত্র জানায়, প্রত্যেক শিশুর জন্য খাদ্য বাবদ মাসে এক হাজার ৬০০ টাকা, শিক্ষা ও প্রশিক্ষণ বাবদ ১৯৫ টাকা এবং পোশাক, চিকিৎসা ও প্রসাধনী বাবদ ২০৫ টাকা বরাদ্দ রয়েছে।
গত বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, শিশু পরিবারের কয়েকটি শিশু ঝাড়ু দিচ্ছে এবং আরও কয়েকটি শিশু গোসলখানা পরিষ্কার করছে। এ সময় তারা জানায়, তাদেরই আবাসিক ভবন, কমপ্লেক্স ও শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয়। তারা পালা করে এসব কাজ করে। এতে তাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।
কয়েকটি শিশু জানায়, তাদের প্রত্যেককে মাসে একটি কাপড় কাচা সাবান, অর্ধেক গোসলের সাবান ও ৫০ গ্রাম সরিষার তেল দেওয়া হয়। এ দিয়ে এক মাস চলে না। ঈদে একটা করে জামা ও প্যান্ট, পায়জামা বা পাঞ্জাবি দেওয়া হয়। স্কুল পোশাক বছরে এক সেট।
তারা অভিযোগ করে, একটি ফুটবল ছাড়া তাদের জন্য খেলাধুলার আর কোনো সরঞ্জাম নেই। তা ছাড়া মাঠের অবস্থা ভালো নয়। বর্ষায় পানি জমে। এখানে চিত্ত বিনোদনের কোনো ব্যবস্থা নেই। তাদের টেলিভিশন দেখতে ইচ্ছা করে, কিন্তু স্যাটেলাইট সংযোগ নেই। একজন চিকিৎসকের সপ্তাহে দুই দিন আসার কথা, কিন্তু আসেন না।
পঞ্চগড় শহরের কাছে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক-সংলগ্ন মোলানীপাড়ায় ১৯৮৪ সালে শিশু পরিবারটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালে এটি সরকারীকরণ করা হয়। এ শিশু পরিবারে আসনসংখ্যা ১০০। বর্তমানে এখানে ৮৭টি শিশু রয়েছে। মা-বাবাহারা পাঁচ থেকে নয় বছর বয়সী শিশুদের এখানে ভর্তি করানো হয়। ১৮ বছর পূর্ণ হলে এদের চলে যেতে হয়।
এ শিশু পরিবারে মোট ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাত্র সাতজন আছেন। ১১টি পদ শূন্য। এর মধ্যে উপ-তত্ত্বাবধায়ক, সহকারী তত্ত্বাবধায়ক, দুজন কারিগরি প্রশিক্ষক, একজন করে মেট্রন কাম নার্স, কম্পাউন্ডার, বড় ভাইয়া ও মেসেঞ্জার এবং এমএলএসএসের তিনটি পদ দীর্ঘদিন ধরে শূন্য।