পরীক্ষাগার, শ্রেণিকক্ষ ও শিক্ষক-সংকটে নাকাল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা। পাঠদান শুরুর পাঁচ বছরেই সেশন জটের মুখে পড়েছে বিভাগটি।
২০১১-১২ শিক্ষাবর্ষে এই বিভাগের পাঠদান কার্যক্রম শুরু হয়। পাঁচটি ব্যাচে প্রায় ২০০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, এই বিভাগে এ পর্যন্ত আটজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে একজন শিক্ষা ছুটিতে বিদেশে আছেন। বাকি সাতজন শিক্ষক দিয়ে কোনোমতে চলছে বিভাগের পাঠদান কার্যক্রম।
শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, পাঁচটি ব্যাচের জন্য যেখানে কমপক্ষে চারটি শ্রেণিকক্ষ প্রয়োজন, সেখানে আছে মাত্র দুটি। অন্যদিকে, বিভাগের নিজস্ব পরীক্ষাগার না থাকায় ব্যবহারিক পাঠদানের জন্য অন্য বিভাগের ওপর নির্ভর থাকতে হয়। এতে নির্ধারিত সময়ে ব্যবহারিক পাঠদান শেষ না হওয়ায় সময়মতো পরীক্ষা শেষ করা সম্ভব হয় না।
শিক্ষার্থীরা জানান, প্রথম ব্যাচের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের লিখিত পরীক্ষা শেষ হয়েছে আট মাস আগে। কিন্তু এখনো ফল প্রকাশিত হয়নি। আবার তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পর এক মাস পেরিয়ে গেলেও এখনো নতুন সেমিস্টারের পাঠদান শুরু হয়নি।
সূত্র জানায়, নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে পাঠদান, ব্যবহারিক ও পরীক্ষা শেষ করতে না পারায় ছয় মাসের সেমিস্টার শেষ করতে আট মাসের বেশি সময় লেগে যাচ্ছে। এতে সেশনজটের কবলে পড়ছেন শিক্ষার্থীরা।
বিভাগের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিভাগের নিজস্ব পরীক্ষাগার ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকার কারণেই ফল প্রকাশ ও নতুন সেমিস্টারের পাঠদান শুরু করতে দেরি হচ্ছে।
জানতে চাইলে সহ-উপাচার্য মো. আবুল হোসেন বলেন, প্রতিটি বিভাগের জন্য আলাদা পরীক্ষাগার ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ তৈরির বিষয়ে কাজ চলছে। আলাদা পরীক্ষাগারের জন্য ইতিমধ্যে কিছু যন্ত্রপাতিও কেনা হয়েছে।