নানা সংকটে বন্ধ বিদ্যালয়, বিপাকে পরীক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী না থাকায় টাঙ্গাইলের সখীপুরে কালিয়া আড়াইপাড়া বালিকা উচ্চবিদ্যালয়টি চলতি বছরের ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে গেছে। এতে এই বিদ্যালয়ের ছয়জন জেএসসি ও চারজন এসএসসি পরীক্ষার্থীসহ ২০ শিক্ষার্থী বিপাকে পড়েছে।
সখীপুর মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামে ১১ জন শিক্ষক-কর্মচারী ও ১৮০ জন শিক্ষার্থী নিয়ে ২০০০ সালে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ২০০২ সালে ঢাকা শিক্ষা বোর্ডের স্বীকৃতি মেলে। ২০০৮ সালে নবম-দশম শ্রেণি খোলার অনুমতি দেয় বোর্ড। বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় ধীরে ধীরে শিক্ষক কমতে থাকে। শিক্ষকেরা চলে যাওয়ায় শিক্ষার্থীর সংখ্যা কমে যায়।
চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। অন্য শ্রেণির ক্লাস না চলায় বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। এ অবস্থায় অষ্টম শ্রেণির ছয়জন ও দশম শ্রেণির চারজন শিক্ষার্থী বোর্ড পরীক্ষার ফরম পূরণ করে। এদিকে সপ্তম শ্রেণির ছয়জন ও নবম শ্রেণির চারজন শিক্ষার্থী অনুমতি নিয়ে অন্য বিদ্যালয়ে ক্লাস করছে।
আগামী নভেম্বরে জেএসসি পরীক্ষা শুরু হচ্ছে। বিদ্যালয়ের অষ্টম শ্রেণির রুনা বলে, ‘বিদ্যালয় বন্ধ হওয়ায় সারা বছর কোনো ক্লাস করতে পারিনি। প্রাইভেট পড়ে পরীক্ষার প্রস্তুতি নিয়েছি। বাড়ির পাশেই বিদ্যালয়টি থাকায় বাধ্য হয়ে এখানে ভর্তি হয়েছিলাম। এখন জেএসসির পর পড়াশোনা বন্ধ হয়ে যায় কি না, চিন্তায় আছি।’ এসএসসি পরীক্ষার্থী রিমা বলে, ‘যদি কেউ বোর্ড পরীক্ষায় অকৃতকার্য হয়, তাদের আবার এই বিদ্যালয়ে ফেরত আসতে হবে। তখন আরও ঝামেলা বাড়বে।’
নবম শ্রেণির শিক্ষার্থী জিপসি আক্তারের বাবা খবির হোসেন বলেন, তাঁর মেয়ে ভালো ছাত্রী। কিন্তু ক্লাস ছাড়া কি আর পড়াশোনা হয়?
প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, এমপিওভুক্তির জন্য আর কোনো উপায় না দেখে বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতিক নেতাকে অনেক টাকা দিয়েছেন। অন্য শিক্ষকদেরও একই অবস্থা।
ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল বারী বলেন, বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় আস্তে আস্তে শিক্ষক ও শিক্ষার্থী কমে যায়। ফলে আপনাআপনিই বিদ্যালয়টি বন্ধ হয়ে গেছে।
সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এমপিওভুক্ত না হওয়ায় সখীপুরে আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার মুখে। এমপিওভুক্তির বিষয়টি সরকারের হাতে। এখানে তাঁর কিছুই করার নেই।