নানা সংকটে বরিশাল মেট্রোপলিটন পুলিশ
৮২ বর্গকিলোমিটার এলাকা ও চারটি থানা নিয়ে গঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ পাঁচ বছরেও পূর্ণতা পায়নি। নিজস্ব কার্যালয়, আবাসন, যানবাহন ও জনবলসংকটের মধ্যে চলছে এর কার্যক্রম।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানা বাদে অন্য তিনটি থানার মধ্যে একটি ফাঁড়িতে, একটি ভাড়া বাড়িতে এবং আরেকটির কার্যক্রম চালাতে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে।বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ড, সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও বাবুগঞ্জ উপজেলার একটি অংশ মেট্রোপলিটন পুলিশের আওতাধীন। কাউনিয়া থানার কার্যক্রম আমানতগঞ্জ ফাঁড়িতে, বিমানবন্দর থানার কার্যক্রম গড়িয়ারপাড়ে ভাড়া বাড়িতে এবং বন্দর থানার কার্যক্রম চলে সাহেবেরহাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে।নগরের বান্দ রোডে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত বাড়ি সংস্কার করে সেখানে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় চালাতে হচ্ছে। কর্মকর্তা ও সদস্যদের আবাসনসমস্যা প্রকট।বরিশাল মেট্রোপলিটন পুলিশ কার্যালয় সূত্র জানায়, মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাসহ এক হাজার ২২৮টি পদ রয়েছে। এর মধ্যে শূন্য ১৬৯টি। অতিরিক্ত পুলিশ কমিশনারের চারটি পদই শূন্য, সহকারী পুলিশ কমিশনারের ২০টি পদের ১৬টি, পরিদর্শকের ৩০টি পদের ছয়টি এবং উপপরিদর্শকের ৯৬টি পদের ৩৩টি শূন্য।মেট্রোপলিটন পুলিশের প্রধান সহকারী আবদুল লতিফ জানান, কর্মকর্তা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ৩১টি পদের ২১টি শূন্য।পর্যাপ্ত যানবাহন না থাকায় ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে সমস্যায় পড়তে হয়। এদিকে মেট্রোপলিটন ডিবি (গোয়েন্দা) ও ট্র্যাফিক পুলিশের কার্যালয় চলছে নগরের পলিটেকনিক সড়কের একটি ভাড়া বাড়িতে। সেখানে আবাসনসুবিধা নেই। কোতোয়ালি মডেল থানার ফোর্স ব্যারাকে থানার পুলিশ, আদালত পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা গাদাগাদি করে থাকেন।অন্যদিকে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের পক্ষে ১০টি ইউনিয়নের দুর্গম কিছু এলাকায় কাজ করা দুরূহ হয়ে পড়েছে। ওসব এলাকায় যেতে তাদের কোনো নৌযান নেই।একাধিক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসনের নেতিবাচক মনোভাবের কারণে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নিজস্ব ভবন, আবাসন ও যানবাহনসমস্যার সমাধান হচ্ছে না।বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সৈয়দ তৌফিকউদ্দিন আহম্মেদ বলেন, চারটি থানার মধ্যে মাত্র একটি থানা নিজস্ব ভবনে পরিচালিত হচ্ছে। বাকি তিনটির অবস্থা খুবই খারাপ। জরাজীর্ণ বাড়ি ও পুলিশফাঁড়িকে থানা হিসেবে ব্যবহার করা হচ্ছে। পুলিশ কমিশনার ছাড়া অন্য কর্মকর্তাদের আবাসনব্যবস্থা নেই। সবচেয়ে বড় সমস্যা, পুলিশ সদস্যদের থাকার জন্য কোনো ব্যারাক নেই। পুলিশ লাইন, কোতোয়ালি থানাসহ অন্যান্য স্থানে গাদাগাদি করে তাঁদের থাকতে হচ্ছে। যানবাহনসংটকের কারণে দ্রুত কাজ করা সম্ভব হয় না। নিজস্ব অ্যাম্বুলেন্স নেই, নেই উদ্ধারযান।