অপরিকল্পিতভাবে দোকান গড়ে উঠেছে। ভেতরের রাস্তাগুলো সরু। নালা নির্মাণ করা হয়নি। নেই শৌচাগার
নানা সংকটে বাবুরহাট পাইকারি কাপড়ের বাজার
দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড় বিক্রির বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে নানা সমস্যা বিরাজ করছে। প্রায় ২০০ বছর আগে প্রতিষ্ঠিত এ বাজারে অপরিকল্পিতভাবে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। ভেতরে চলাচলের জন্য বড় রাস্তা নির্মাণ করা হয়নি। ময়লা-আবর্জনা ও বৃষ্টির পানি সরানোর জন্য পরিকল্পিতভাবে নালা নির্মাণ করা হয়নি। এখানে নেই কোনো শৌচাগার।স্থানীয় ব্যবসায়ীরা জানান, ১৮৫০ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার শেখেরচরে ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে গড়ে ওঠে এই বাজার। এখন ১০ একরেরও বেশি এলাকায় এর বিস্তৃতি ঘটেছে। এখানে প্রায় ১০ হাজারেরও বেশি দোকান আছে। দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আমদানি করা কাপড় পাইকারি বিক্রি করা হয় এখানে। সপ্তাহের শুক্র, শনি ও রোববার এখানে হাট বসে।ব্যবসায়ীরা জানান, গত পাঁচ বছরে ব্যক্তিগত উদ্যোগে এখানে অপরিকল্পিতভাবে সাতটি বহুতল বিপণিবিতান নির্মাণ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও বাজারের ময়লা ও বৃষ্টির পানি সরানোর জন্য বড় নালা নির্মাণ করা হয়নি। এ কারণে একটু বৃষ্টি হলেই বাজারের ভেতরে রাস্তার মধ্যে পানি হাঁটুসমান জমে থাকে। রাস্তাগুলো সরু হওয়ায় ক্রেতা ও বিক্রেতাদের ভোগান্তি পোহাতে হয়। এ ছাড়া নির্দিষ্ট জায়গা না থাকায় দেশের নানা প্রান্ত থেকে আসা পাইকারি ক্রেতারা ঢাকা-সিলেট মহাসড়কের ওপর গাড়ি রেখে মালামাল ওঠান। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।২৩ মার্চ বেলা সাড়ে ১১টায় বাজারে আসার সময় দীর্ঘ যানজটে পড়তে হয়। তাই বাজারের বাসস্ট্যান্ডের অনেকটা আগেই বাস থেকে নামতে হয়েছে। বাজারের কাছে গিয়ে দেখা যায়, সড়কে এলোমেলোভাবে ট্রাক রেখে কাপড় উঠানো-নামানো হচ্ছে। ভেতরে গিয়ে দেখা যায়, প্রতিটি গলিতে ক্রেতাদের ভিড়। বেশির ভাগ দোকানের সামনেই একাধিক ভ্যান রাখা হয়েছে। এতে পথচারীদের সমস্যা হচ্ছে।বাজারের আর-টেক্স শাড়িঘর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক শেখ রুমন আহমেদ জানান, গ্রীষঞ্চকাল শুরু হচ্ছে। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এখানে অস্থায়ী কোনো চিকিৎসাকেন্দ্র না থাকায় ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। বাজারে আগুন লাগলে তা নেভানোর কোনো ব্যবস্থা নেই। ভেতরের রাস্তাগুলো অপ্রশস্ত থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। অপরিকল্পিতভাবে দোকান নির্মাণ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।চট্টগ্রাম থেকে আসা কাপড় ব্যবসায়ী মৃত্যুঞ্জয় সাহা বলেন, ‘প্রতি সপ্তাহে এ বাজারে প্রায় এক হাজার কোটি টাকার লেনদেন হয়। আমরা উন্নত মানের কাপড় কেনার জন্য এত দূর-দূরান্ত থেকে এখানে আসি। যানজটের কারণে আমাদের হাটবারের আগের দিন চলে আসতে হয়। এখানে থাকা-খাওয়ার ভালো ব্যবস্থা নেই।’শেখেরচর-বাবুরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং নরসিংদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ টাকায় হাটটি ইজারা নিই। কিন্তু সরকার বাজারের উন্নয়নে তেমন কোনো উদ্যোগ নেয়নি।’জেলা প্রশাসক ওবায়দুল আজম জানান, বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শসভা করে বাজারের সব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।