চট্টগ্রামে একটি ব্যাংক হিসাবে জমা হওয়া ১৯ কোটি টাকার চেক নিয়ে নানা সন্দেহ ও প্রশ্ন তৈরি হয়েছে। লন্ডন থেকে পাকিস্তানের এক নাগরিক চেকটি পাঠিয়েছেন। গত মে মাসে চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়।
যে ব্যাংক হিসাবে চেকটি জমা দেওয়া হয়েছে, তা যৌথ নামে খোলা হয়েছে মসজিদের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের জন্য। তবে ব্যাংক হিসাব খোলার সময় ওই মসজিদের পরিচালনা ও উন্নয়ন কমিটির সভাপতি সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারির সই জাল করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাইজভান্ডার শরিফ শাহী মসজিদের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের জন্য যৌথ নামে জনতা ব্যাংকের লালদীঘি শাখায় গত ৩০ এপ্রিল একটি ব্যাংক হিসাব খোলা হয়। মসজিদ পরিচালনা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সৈয়দুল আলম শাহজাহান মাইজভান্ডারি ও কোষাধ্যক্ষ এস এম সাহাবুল আলমের নামে এই হিসাব খোলা হয়। এর নয় দিন পরই গত ১০ মে ব্যাংক হিসাবে ওই চেক জমা হয়।
সই জাল করে ব্যাংক হিসাব খোলা ও চেক জমা হওয়ার বিষয়টি জানতে পেরে গত ১৭ মে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারি। তিনি ব্যাংক কর্তৃপক্ষ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে বিষয়টি লিখিতভাবেও জানান।
এর পরই ওই ব্যাংক হিসাব অনুসন্ধানের জন্য নিয়ম অনুযায়ী আদালতের অনুমতি নিয়ে তদন্তে নামে পুলিশ। টাকা ছাড় না করতে ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। এ ছাড়া নিয়মিত মামলা করার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে পুলিশ।
টাকা আত্মসাতের জন্য এই হিসাব খোলা হয়েছে, নাকি জঙ্গি অর্থায়নে ব্যয় করার উদ্দেশ্যে লন্ডন থেকে এই টাকা (চেক) এসেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
নজিবুল বশর গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘মসজিদের নিজস্ব হিসাব নম্বর রয়েছে। কেউ দান করতে চাইলে ওই নম্বরে টাকা দিতে পারেন। কিন্তু আমার সই জাল করে নতুন হিসাব খুলে পাকিস্তানের এক নাগরিকের ১৯ কোটি টাকা পাঠানোর বিষয়টি রহস্যজনক। বিষয়টি তদন্তের জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে লিখিতভাবে জানিয়েছি। এগুলো জঙ্গি অর্থায়নের জন্য, নাকি নিজেরা ভাগাভাগি করতে এনেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা বের হওয়া উচিত।’
তবে মসজিদ পরিচালনা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সৈয়দুল আলম শাহজাহান মাইজভান্ডারি বলেন, ‘তিনি (সাংসদ) আমাদের জঙ্গি বানাতে চাইছেন। টাকাগুলো আনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না কমিটির। মসজিদের উন্নয়নের জন্য আনা হয়েছিল। নতুন হিসাব খোলার জন্য ২৭ এপ্রিল কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। কমিটি নতুন হিসাব খুলতে পারে। এর পরও স্বাক্ষরের জন্য তাঁর (সাংসদ) কাছে পাঠানো হয়েছিল এক ব্যক্তিকে। কীভাবে স্বাক্ষর জাল হয়েছে জানি না।’
তবে ২৭ এপ্রিল মসজিদ পরিচালনা কমিটির কোনো বৈঠক হয়নি বলে দাবি করেছেন সাংসদ।
এ বিষয়ে কোষাধ্যক্ষ এস এম সাহাবুল আলমের বক্তব্য পাওয়া যায়নি।
বৈঠকের বিষয়ে মসজিদের পরিচালনা কমিটি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. শফি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে বৈঠক হয়নি। এ ছাড়া মসজিদের জন্য নতুন হিসাব খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা শুনিনি।’
ওই ব্যাংক হিসাবটি তদন্ত করছেন নগরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন। তিনি জানান, দেড় মিলিয়ন পাউন্ডের চেকটি এসেছে লন্ডনের ২৪০ হোয়াইট চ্যাপেল রোডের বিজনেস সেন্টারের বারক্লেইস ব্যাংক পিএলসি শাখা থেকে। মোহাম্মদ আলমগীর নামে পাকিস্তানের এক নাগরিক চেকটি পাঠিয়েছেন।
এদিকে শাহজাহান মাইজভান্ডারিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, তিনি জিজ্ঞাসাবাদে বলেছেন, শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ নামে তাঁর এক বন্ধু রয়েছেন। তাঁর পরামর্শেই ব্যাংক হিসাবটি খোলা হয়। চেকটিও জমা হয়েছে তাঁর মাধ্যমে। পরে পুলিশ আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সবকিছু অস্বীকার করেন।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে সাংসদের সই জাল করে ব্যাংক হিসাবটি খোলা হয়েছে। ওই হিসাবে আসা সন্দেহজনক ১৯ কোটি টাকা জঙ্গি অর্থায়নের জন্য, নাকি আত্মসাতের জন্য, তা তদন্ত করতে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।