নানা সমস্যায় জর্জরিত তালোড়া রেলস্টেশন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া রেলস্টেশনটি নানা সমস্যায় জর্জরিত। স্টেশনের প্লাটফর্মের সাইড প্লাস ভাঙা, জরাজীর্ণ ওয়েটিং রুম ও কর্মচারীদের বসবাসের অযোগ্য আবাসিক ভবন, রেলঘুমটির দুই পাশে রেললাইন-সংলগ্ন জায়গা বেদখল, লোকবল-সংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে।
তালোড়া পৌরসভার মেয়র আবদুল জলিল খন্দকার জানান, তালোড়া শিল্পনগর হিসেবে উত্তরবঙ্গে পরিচিত। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা ব্যবসায়িক কাজে তালোড়া বন্দরে আসেন। দীর্ঘদিন হলো রেলস্টেশনের কোনো সংস্কার নেই। অথচ সরকার এ স্টেশন থেকে বড় অঙ্কের রাজস্ব পায়।
তালোড়া রেলস্টেশনের মাস্টার বজলুর করিম জানান, এ স্টেশনে প্রতিদিন যত ব্যস্ততা, সে তুলনায় লোকবল খুবই কম। লোকবল-সংকটের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাতে কেউ থাকেন না। রাতে এ স্টেশনে কোনো ট্রেন থামে না।
সরেজমিনে দেখা গেছে, রেলস্টেশনের প্লাটফর্মের সাইড প্লাস ভেঙে গেছে। এতে ট্রেন স্টেশনে এসে দাঁড়ানোর পর বগির সিঁড়ি থেকে প্ল্যাটফর্মের মধ্যে বড় ফাঁক দেখা দিয়েছে। স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের থাকার জন্য আবাসিক ভবনগুলো পুরোনো ও জরাজীর্ণ। একটু বৃষ্টি হলে এসব ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। স্টেশনের পাশের তালোড়া ফেঁপিড়া গ্রামের অভিলাস চন্দ্র দাস জানান, প্ল্যাটফর্মের সাইড প্লাস ভেঙে যাওয়ায় ট্রেনে যাত্রীরা ওঠানামার সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়।
রেলঘুমটিতে গড়ে ওঠা রিকশাভ্যান স্ট্যান্ডের রিকশাচালক আবদুল হাকিম বলেন, ‘রেলঘুমটি পার হওয়ার সময় দুই পাশে দোকানপাট থাকায় ট্রেন দেখতে পাই না।’
রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ব্রিটিশ আমলে স্থাপিত এ স্টেশন দিয়ে লোকাল, মেইল, এক্সপ্রেসসহ প্রতিদিন আটটি ট্রেন চলাচল করে। এক্সপ্রেস ছাড়া লোকাল ও মেইল ট্রেনগুলো বেসরকারিভাবে চলছে। তালোড়া রেলস্টেশনে স্টেশনমাস্টারের তিনটি পদ থাকলেও স্টেশনমাস্টার আছেন দুজন, গেটম্যানের তিনটি পদে আছেন একজন। এ ছাড়া একজন করে পোর্টার ও সুইপার রয়েছেন।