নানা সমস্যার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস পালিত হচ্ছে
নানা সমস্যার মধ্য দিয়ে কাল ২২ ফেব্রুয়ারি ষষ্ঠ বছরে পদার্পণ করবে বরিশাল বিশ্ববিদ্যালয়। এসব সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রী ও রাজনৈতিক নেতারা উদ্যোগ নেবেন বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক এস এম ইমামুল হক। উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয় যাত্রাপথের ষষ্ঠ বছরে পদার্পণ করছে। সময়ের বিচারে এটা খুব বেশি নয়। কিন্তু মানের দিক থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় অনেকাংশে এগিয়ে রয়েছে। নবীন বিশ্ববিদ্যালয় হলেও এখানের শিক্ষার্থীর মান যেকোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভালো। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অবকাঠামো নির্মাণে চলছে ধীরগতি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, প্রক্টর ও গণিত বিভাগের চেয়ারম্যান শফিউল আলম উপস্থিত ছিলেন।
আগুনে পুড়ল দুটি দোকান
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলীর আচার্য মল্লিক পাড়ায় আগুনে দুটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
গতকাল সোমবার বেলা তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে দোকানে আগুনের সূত্রপাত হয়। এতে একটি মুদি ও একটি আসবাব তৈরির দোকান আংশিক পুড়ে যায়।
উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। বিকেল পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।