ফেনী ট্রমা সেন্টারে চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীর পদ ১৯টি। কিন্তু সেখানে কর্মরত আছেন মাত্র পাঁচজন। এদিকে দেড় বছর ধরে হাসপাতালের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। এ রকম নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটি।
বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন: বকেয়া বিলের জন্য প্রায় দেড় বছর আগে হাসপাতালটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাশের সরকারি একটি ক্লিনিক থেকে সংযোগ নিয়ে কোনোমতে একটি বাতি ও একটি পাখা চালানোর ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালটিতে নেই পানি সরবরাহের ব্যবস্থা নেই। নেই গ্যাস-সংযোগও।
নষ্ট হচ্ছে যন্ত্রপাতি: ২৫ জুন ট্রমা সেন্টারে গিয়ে দেখা যায়, হাসপাতালের একটি স্টিম স্টেরিলাইজার যন্ত্র খোলা অবস্থায় পড়ে আছে। হাসপাতাল সূত্র জানায়, সেন্টারের ভেতরের বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র নষ্ট হওয়ার উপক্রম।
হাসপাতালের চৌহদ্দির ভেতরে খালি জায়গায় ঘাস বাড়তে বাড়তে হাঁটুসমান লম্বা হয়ে গেছে।
জনবলসংকট: ২০০৬ সালের ৩ অক্টোবর চালু হওয়া ফেনী ট্রমা সেন্টারে কর্মকর্তা-কর্মচারীর পদ ১৯টি। কিন্তু বর্তমানে সেখানে আছেন মাত্র দুজন চিকিৎসা কর্মকর্তাসহ পাঁচজন।
ট্রমা সেন্টার-সংলগ্ন মহিপাল এলাকার বাসিন্দা আবুল কাশেম, মিয়াধন ও আলী আহম্মদ বলেন, প্রতিদিন মহিপালের ওপর দিয়ে হাজারো গাড়ি চলাচল করে। প্রায়ই এখানে ছোটখাট দুর্ঘটনায় লোকজন আহত হন। কিন্তু ট্রমা সেন্টারে গিয়ে চিকিৎসক পাওয়া যায় না।
২৫ জুন সকাল ১০টার দিকে হাসপাতালে গিয়ে দুজন চিকিৎসকের কাউকে পাওয়া যায়নি। চিকিৎসা কর্মকর্তারা নেই কেন—জানতে চাইলে হাসপাতালের তিন কর্মী জানান, চিকিৎসকেরা কেন আসেননি, তাঁরা তা জানেন না।
হাসপাতালের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা নূরজাহান বেগম বলেন, হাসপাতালে প্রতিদিন গড়ে তিন-চারজন রোগী আসেন। তাঁদের ব্যবস্থাপত্র দেওয়া হয়। তবে সরকারি কোনো ওষুধ বরাদ্দ নেই। তিনি জানান, হাড় ভাঙা বা সড়ক দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তি এলে তাঁদের সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
হাসপাতালে অনুপস্থিতির কারণ সম্পর্কে জানতে চাইলে চিকিৎসা কর্মকর্তা নূর-ই-আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির কারণে আমি হাসপাতালে আসতে পারিনি।’
অপর চিকিৎসা কর্মকর্তা তানভীর আহম্মদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সিভিল সার্জন মোহাম্মদ ইউসুফ বলেন, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজন চিকিৎসকে গত ১৬ জুন থেকে প্রেষণে ট্রমা সেন্টারে নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, ওই দুই চিকিৎসক কেন হাসপাতালে ছিলেন না, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিভিল সার্জন বলেন, বরাদ্দ না থাকায় ট্রমা সেন্টারের বিদ্যুতের বিল পরিশোধ করা সম্ভব হয়নি। আর হাসপাতালে জনবলসংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।