মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল নানা সমস্যায় জর্জরিত। চিকিৎসক-সংকটের কারণে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ছয় বছর আগে হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হলেও আজ পর্যন্ত বাড়েনি জনবল; ৫০ শয্যার জনবলও নেই এখানে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫০ শয্যার সময় হাসপাতালে চিকিৎসকের পদ ছিল ২২টি। বর্তমানে এই ২২ পদের মধ্যে ১০টি পদে দীর্ঘদিন ধরে চিকিৎসক নেই। হাসপাতালের নয়টি বিশেষজ্ঞ চিকিৎসক পদের মধ্যে ছয়টিই শূন্য। নয় বছর ধরে মেডিসিন বিশেষজ্ঞ নেই। দেড় বছর ধরে নেই নাক-কান-গলা বিশেষজ্ঞ। তিন মাস ধরে সার্জারি বিশেষজ্ঞ নেই। ছয় মাস ধরে নেই হাড় বিশেষজ্ঞ চিকিৎসক। আট মাস ধরে নেই দন্ত চিকিৎসক। দেড় মাস হয়েছে চক্ষু বিশেষজ্ঞ নেই। ছয় মাস ধরে রেডিওলজিস্ট নেই। তিনজন চিকিৎসা কর্মকর্তা নেই। এসব দেখভালের জন্য হাসপাতালের তত্ত্বাবধায়ক সিভিল সার্জন নেই চার মাস হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহজাহান ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, একমাত্র আবাসিক চিকিৎসা কর্মকর্তা ছাড়া সব চিকিৎসক ঢাকা থেকে আসেন। তাই তাঁরা প্রায় সময়ই অনুপস্থিত থাকেন। অনেকে আসেন দেরি করে। প্রতিদিন হাসপাতালে প্রায় তিন থেকে সাড়ে তিন শ রোগী আসে চিকিৎসাসেবা নিতে। চিকিৎসক-সংকটের কারণে অধিকাংশ রোগী প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যায়। চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ, ছোটখাটো সমস্যার ক্ষেত্রেও তাঁরা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে ঢাকায় পাঠান। ফলে দরিদ্র রোগীদের বেশ সমস্যায় পড়তে হয়। হাসপাতালে চিকিৎসা নিতে আসা চরকেয়ার ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের হাসিনা বেগম বলেন, ‘হাসপাতালে মেডিসিন ডাক্তার দেখানোর জন্য আইছিলাম। হুনলাম, মেডিসিন ডাক্তার নাই। বহির্বিভাগে টিকেট কাইট্যা অন্য এক ডাক্তার (মেডিকেল অফিসার) দেখাইলাম।’ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের ইসিজি যন্ত্রটি দীর্ঘদিন ধরে বিকল। হাসপাতালের নৈশপ্রহরী ও মালির পদ আজও তৈরি হয়নি। হাসপাতালে গিয়ে দেখা যায়, চারদিকে অপরিচ্ছন্নতার ছাপ, দালালদের আনাগোনা। ভর্তি হওয়া রোগীদের চাদর, কম্বল নেই। ১০০টি শয্যার মধ্যে ৪০টিই ব্যবহারে অযোগ্য। ফলে রোগীদের ফ্লোরে থাকতে হচ্ছে। টয়লেটগুলো ব্যবহারোপযোগী নয়।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এহসানুল করিম প্রথম আলোকে জানান, চিকিৎসক না থাকায় চিকিৎসাসেবা দিতে সমস্যা হচ্ছে। চিকিৎসকের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। চিকিৎসকদের অনুপস্থিত থাকার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে তাঁদের সতর্ক করা হয়েছে।