অনভিজ্ঞতা ও অন্যান্য কারণজনিত পরিচালনার দুর্বলতা এবং আমলাতান্ত্রিক জটিলতাসহ নানা কারণে দেশের বেসরকারি এয়ারলাইনগুলো দাঁড়াতে পারছে না। তবে সার্বিক চিত্র ততটা হতাশাব্যঞ্জক নয়। অবকাঠামোগত সমস্যাগুলো দূর হলে অবস্থার উন্নতি হবে। গতকাল শুক্রবার রাজধানীতে ‘বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনার মূল প্রবন্ধে এ কথা বলা হয়। সোনারগাঁও হোটেলে বাংলাদেশ মনিটর পত্রিকা এর আয়োজন করে।আলোচনায় বক্তারা বলেন, এ দেশে বেসরকারি খাতে এয়ারলাইন প্রতিষ্ঠার অনুমতি পাওয়া থেকে শুরু করে প্রতি পদে প্রতিবন্ধকতা পার হয়ে এগোতে হয়, যা এ খাতের সুষ্ঠু বিকাশের ক্ষেত্রে প্রধান অন্তরায়। এ ছাড়া পুঁজিঘন এ খাতে পুঁজি জোগান দেওয়ার ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আগ্রহ কম। তাই দেশে বেসরকারি বিমান সংস্থার যাত্রা শুরুর ১৫ বছর পর দেখা যাচ্ছে, চালু থাকার চেয়ে ঝরে যাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেশি। তার পরও সার্বিক অবস্থার আলোকে বলা যায়, এ খাতে সম্ভাবনা আছে। এ জন্য উপযুক্ত সরকারি উদ্যোগ জরুরি।প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচলমন্ত্রী জি এম কাদের এ খাতে তাঁর মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বন্ধ থাকা অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে ফ্লাইট চালু করলে বেসরকারি এয়ারলাইনগুলোকে বিভিন্ন ফি মওকুফসহ বাড়তি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন। শিগগির উত্তরবঙ্গের সৈয়দপুরে ফ্লাইট চালুর অনুরোধও করেন বিমানমন্ত্রী।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হোসেন, বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল হাসান, জিএমজি এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সাহাব সাত্তার, ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান তাসবীরুল আহমেদ চৌধুরী, রিজেন্ট এয়ারওয়েজের মাশরুর হাবিব, বেস্ট এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা রিকি ডি ফ্রিক, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মনিটর-এর প্রধান সম্পাদক রকীব সিদ্দিকী। আলোচনার সঞ্চালক ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব মুহম্মদ জাহাঙ্গীর।