নানা স্থানে চৈত্র সংক্রান্তি উদ্যাপন

দেশের নানা স্থানে গতকাল বৃহস্পতিবার চৈত্রসংক্রান্তি উৎসব উদ্যাপন করা হয়েছে।
রাজশাহীতে চৈত্রসংক্রান্তি উৎসব উদ্যাপন করে রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ উপলক্ষে সন্ধ্যায় নগরের কুমারপাড়া পদ্মার ধারে রবীন্দ্র-নজরুল মঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। বছরের শেষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হয় আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয় বাংলা সাংস্কৃতিক জোটের শিল্পীরা। রাজশাহী আবৃত্তি পরিষদের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। এ ছাড়া নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সংগঠনের নৃত্যশিল্পীরা। এদিকে চৈত্রসংক্রান্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বাংলা সমিতি।
এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার চৈত্রসংক্রান্তিতে রাজস্ব হালখাতা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে রাজস্ব হালখাতায় আগত করদাতা এবং অতিথিদের মুড়ি, খই, মুড়কি, বাতাসা, ঝুরি, খাগড়ায়, মুড়ির নাড়ু, চিড়ার নাড়ু, তিলের নাড়ু, হাতিঘোড়া মিষ্টি, জিলাপি, সন্দেশ, চমচম, রসগোল্লা, প্যাড়া, পাপোর, তিলের খাজা ইত্যাদি দিয়ে আপ্যায়ন করা হয়।
এতে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন অংশ নেন। কর ভবন সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটা পর্যন্ত করদাতারা রাজশাহীতে ১ কোটি ৫৫ লাখ টাকা বকেয়া কর পরিশোধ করেন এবং রাজশাহী কর অঞ্চলে পরিশোধ হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৩৭ হাজার ৮১৩ টাকা।
চৈত্রসংক্রান্তি উপলক্ষে করদাতাদের বকেয়া পরিশোধে উদ্বুদ্ধ করতে রাজস্ব বিভাগের আয়োজনে ‘বকেয়া আদায় নয়, পরিশোধ’ স্লোগানে সারা দেশের মতো নওগাঁয় রাজস্ব হালখাতা করা হয়েছে। জেলার ছয়টি সার্কেলের উপ-কর কমিশনার দপ্তর এই হালখাতার আয়োজন করে। এ উপলক্ষে সকাল ১০টায় জেলা কর অফিস কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়।
ভোরে প্রভাতি সংঘের আয়োজনে সিরাজগঞ্জ শহরের স্বাধীনতা স্কয়ার চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। পরে মাওলানা ভাসানী কলেজ প্রাঙ্গণে সমাবেশ হয়। বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবদুল আজিজ সরকার, আওয়ামী লীগের নেত্রী জান্নাত আরা তালুকদার হেনরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা প্রমুখ।
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মাঝিপাড়া গ্রামে কয়েক শ বছর আগে থেকে চৈত্রসংক্রান্তিতে চড়ক উৎসব পালিত হয়ে আসছে। এই পূজায় মানুষের পিঠে বড়শি ফুটিয়ে চড়ক ঘোরানো হয়। চড়কপূজা উপলক্ষে মাঝিপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায় বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনার আয়োজন করেছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী এবং রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ ও আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি]