নানা স্থানে জঙ্গিবিরোধী বিক্ষোভ ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ ছাড়া কুড়িগ্রাম বন্ধুসভার উদ্যোগে গতকাল জঙ্গি ও মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: বন্ধুসভার উদ্যোগে সকাল ১০টায় কুড়িগ্রাম প্রথম আলো অফিস থেকে শোভাযাত্রা বের হয়। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শাহাবুদ্দিন ও বন্ধুসভার সাবেক সভাপতি পলাশ। শোভাযাত্রা ভোগডাঙ্গা বাজার, ব্যাপারীর হাট ও নাগেশ্বরী উপজেলা সদরে মানববন্ধন ও সমাবেশ করে। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মনোয়ার হোসেন, সাংবাদিক লিটন চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক পাভেল ও জোবায়ের সিদ্দিক। বক্তব্য দেন কুড়িগ্রাম বন্ধুসভার সভাপতি ওবায়দুর রহমান।
দিনাজপুর: সকাল ১০টায় বিরল উপজেলা মহিলা আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করেছে। বিরল মুক্তিযোদ্ধা ক্যানটিন চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি কুলসুমা বেগম। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম, কৃষিবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য এম এ কুদ্দুস, যুবলীগের সভাপতি আবদুল মালেক, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান ফারুক আজম, মহিলা লীগের সহসভাপতি ওয়াহেদা বেগম, গয়ারানী, যুব মহিলা লীগের সভাপতি জাকিয়া সুলতানা। পরে মহিলা লীগের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে।
সৈয়দপুর (নীলফামারী): সকালে পার্বতীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সমাবেশ হয়। চার শতাধিক মুক্তিযোদ্ধা পরে বিক্ষোভ মিছিল বের করেন। সমাবেশে বক্তব্য দেন পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ ওহাব সরকার, পার্বতীপুর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সিদ্দিক হোসেন, সেলিম সরকার প্রমুখ। বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধ শেষে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং নয়। দেশমাতৃকার প্রয়োজনে আবার অস্ত্র তুলে নেব।’ পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।