নানা স্থানে জঙ্গিবিরোধী শোভাযাত্রা, সমাবেশ

সারা দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা সভা, সমাবেশসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: বেলা ১১টায় খানসামা উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. সাজেবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
বক্তব্য দেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, থানার ওসি আবদুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজমুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোখলেছুর রহমান, আঙ্গারপাড়া ইউপির চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ প্রমুখ। বক্তব্য শেষে পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।
এর আগে সভার শুরুতে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শোভাযাত্রা বের হয়।
নীলফামারী: বেলা ১১টার দিকে শহরের শহীদ মিনার চত্বরে জেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবু সাঈদ শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা, জেলা জাতীয় শ্রমিক লীগের সম্পাদক আমজাদ হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সম্পাদক দীপক চক্রবর্তী প্রমুখ। সমাবেশ শেষে আসাদুজ্জামান নূরের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
এদিকে দুপুরে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সামনের সড়কে ওই সমিতির জেলা গ্রামীণ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন মানববন্ধন করে।
গাইবান্ধা: সদর উপজেলার বাদিয়াখালী উচ্চবিদ্যালয় মাঠে সকালে সমাবেশ করে জেলা তথ্য অফিস।
সমাবেশে সভাপতিত্ব করেন সদর ইউএনও আশরাফুল মমিন খান। বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, জেলা তথ্য কর্মকর্তা ছাবিহা আক্তার।
কুড়িগ্রাম: বেলা সাড়ে ১১টায় জেলা শহরের ত্রিমোহনী এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ গ্রামীণ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখা।
বক্তব্য দেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি মজিবুর রহমান, সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ফুলবাবু রবিদাস প্রমুখ।
বদরগঞ্জ (রংপুর): দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মতবিনিময় সভা হয়। প্রধান অতিথি ছিলেন সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী।
ওই সভায় ইউএনও কাজী আবেদা গুলশানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, অধ্যাপক মেছের উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক, লোহানীপাড়া ইউপির চেয়ারম্যান ডলু শাহ, সাংবাদিক ছাইদুল হক, রুহুল আমিন সরকার, রেজাউল করিম প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী): জঙ্গিবাদবিরোধী পাঁচ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সৈয়দপুর উপজেলা কমিটি। গতকাল মানববন্ধনে ওই প্রস্তাব পাঠ করা হয়। সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পার্টির সম্পাদক মাহাবুব আলম, জেলা কমিটির সদস্য তোফাজ্জল হোসেন, উপজেলা যুব মৈত্রীর সদস্য তনুজ প্রমুখ।
মানববন্ধন শেষে প্রস্তাবগুলো পড়ে শোনান মাহাবুব আলম।