দিনাজপুরের বিরামপুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী আজাদুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা, গুঞ্জন। ভোটের ঠিক এক সপ্তাহ আগে গত মঙ্গলবার রাত সোয়া ১১টায় আজাদুল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে বহনকারী রিকশার চালক জয়নাল আবেদীনও গুরুতর জখম হন।
গুরুতর জখম অবস্থায় দুজনকেই প্রথমে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথম আলোকে বলেন, আজাদুল ইসলামের বাঁ হাতের বাহুতে এবং মাথায় বড় ধরনের ক্ষত তৈরি হয়েছে। রিকশাচালক জয়নাল আবেদীনের মাথায়ও গুরুতর জখম হয়। প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজাদুল ইসলামের ওপর হামলার ঘটনায় গতকাল বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং আহত মেয়র প্রার্থী আজাদুল ইসলামের স্ত্রী রেজবানা পারভীন।
এদিকে এ হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন – কে, কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থীর মধ্যে কে বেশি লাভবান হচ্ছেন ইত্যাদি।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ হামলার ঘটনার জন্য সরকারকে দায়ী করে বলেন, সারা দেশের নির্বাচনকালীন পরিস্থিতির ধারাবাহিকতাতেই এ ঘটনা ঘটানো হলো। তবে আহত মেয়র প্রার্থীর স্ত্রী সংবাদ সম্মেলনে তাঁর লিখিত বক্তব্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে উল্লেখ করেন।
এর আগে ঘটনার রাতে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আজাদুল ইসলামের বড় ভাই জহুরুল ইসলাম এ ঘটনায় বিএনপির মেয়র প্রার্থীর বিরোধিতাকারী উপজেলা বিএনপির দুই নেতাকে দায়ী করেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাই আবার ঘটনাটিকে ব্যক্তিগত কোন্দলের ফল বলে মনে করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির আরেক দল স্থানীয় নেতাসহ বেশ কয়েকজন এলাকাবাসী প্রথম আলোকে বলেন, বিএনপির অভ্যন্তরীণ এবং ব্যক্তি আজাদের ব্যক্তিগত দ্বন্দ্বকে কাজে লাগিয়ে নির্বাচনী ফায়দা লুটতে তৃতীয় কোনো পক্ষ এ ঘটনা ঘটাতে পারে।
এদিকে হামলার সময়কালীন পরিস্থিতি নিয়েও রয়েছে গুঞ্জন। মঙ্গলবার রাতে বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন আজাদুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছিলেন, পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক অসুস্থ মুক্তার হোসেনকে দেখতে তাঁর বাসায় যান আজাদুল ইসলাম। এরপর তাঁর নিজ কার্যালয়ে ফেরার পথে মুখোশ পরা তিনজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়।
কিন্তু ওই রাতেই পুলিশসহ সরেজমিনে দেখা যায়, মুক্তার হোসেনের বাড়ির সামনের রাস্তায় ছোপ ছোপ রক্ত। সেখানে মুক্তার হোসেন বলেন, বিদায়ের সময় তিনি বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ দিকে প্রায় ৫০ গজ দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন আজাদুল ইসলামকে। বাসায় ফিরে আসার প্রায় পাঁচ-সাত মিনিট পরে তাঁর বাড়ির কাছে আজাদুল ইসলামের চিৎকার শুনতে পান। দরজা খুলে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় আজাদুল এবং রিকশাচালক জয়নালকে পড়ে থাকতে দেখেন। মুক্তার হোসেন এবং তাঁর ছোট ভাই মুকুল তখন দ্রুত দুজনকে আরেকটি রিকশায় তুলে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পথেই তিনি মুঠোফোনে নেতা-কর্মীদের ঘটনা জানান।
মুক্তার হোসেন আরও বলেন, বিদায় দিয়ে আসার পর তাঁর বাড়ির সামনে আজাদুল ইসলাম পুনরায় কীভাবে এলেন বিষয়টি তিনি বুঝতে পারছেন না।
এদিকে বিএনপির কয়েকজন নেতা-কর্মী আবার জানান, ঘটনার আগে আজাদুল ইসলাম তাঁর ব্যক্তিগত নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। বৈঠক চলাকালেই হঠাৎ একা তিনি উঠে চলে যান। কোথায় যাচ্ছেন বলে যাননি তিনি।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিঞা মো. শিরন আলম বলেন, আজাদুল ইসলামকে মুঠোফোনে হুমকি দেওয়া হচ্ছিল। থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে আজাদুল ইসলাম তা করেননি।
এ বিষয়ে বিরামপুর থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে বিষয়টি ব্যক্তিগত শত্রুতা বলেই মনে হচ্ছে। কিন্তু এই সময়ে একা গভীর রাতে তিনি কেন অন্ধকারাচ্ছন্ন ওই জায়গায় গেলেন তা বোঝা যাচ্ছে না। আবার যে অসুস্থ নেতাকে দেখতে গেলেন, সেই নেতা তাঁকে বিদায় দেওয়ার পর পুনরায় ওই নেতার বাড়ির সামনে কীভাবে হামলার শিকার হলেন তা-ও স্পষ্ট নয়।