নানান রঙের বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

রং মানুষের মনের বাঙ্ময় প্রকাশের সেরা মাধ্যম। আর মানুষ সব সময় প্রকাশ করতেই পছন্দ করে। তবে একটি ছবি সবকিছু প্রকাশ করে না। ছবিতে একটি লুকোনো সত্য থাকে। যা একটি প্রশ্নের জন্ম দেয়। এ প্রশ্নের উত্তরটা সহজ করে তোলে রং। পাশ্চাত্যের সঙ্গে আমাদের দেশীয় চিত্রকলার এই হলো ব্যবধান। বরফের দেশের চিত্রকলায় যেখানে সাদা-কালোর ধূসরতা, সেখানে লাল-নীল-সবুজে আমাদের অবাধ বিচরণ। উন্নয়নশীল দেশের মানুষ হিসেবে আমরা যে কেবল কল্পনাবিলাসী তা কিন্তু নয়, আমাদের ক্যানভাসের এ রং এ দেশের অবারিত সবুজ প্রান্তরের, বিস্তৃত নীল আকাশের থেকে ধার নেওয়া। তবু যেন ফুরায় না নানান রঙের বাংলাদেশের এ সুষমা। প্রকৃতি আর আবহাওয়া এ দেশের মানুষকে জন্ম থেকেই শিল্পী করে তোলে। মেঘনার কোল ঘেঁষে আমার দুরন্ত ঘুড়ি উড়ানোর শৈশব প্রবাসী আমার মনে সমান রঙিন।
এত বছরের প্রবাসজীবনে এক দিনের জন্যও মলিন হয়নি সে সুখছাপ। মানুষ একটানা একটি বিষয় নিয়ে কাজ করতে চায় না, সব সময় পরিবর্তন চায়। শিল্পীও চায় স্বাধীনতা। এ দেশের প্রকৃতি অকৃত্রিমভাবে উপকরণ বিলিয়ে বেড়ায়। শুধু রঙের দিক থেকেই নয়, উপকরণের দিক থেকেও শিল্পী এখানে স্বাধীন। আগে রাজার আদেশে ছবি আঁকতে হতো। শিল্পীরা বাইবেলকেন্দ্রিক ও রাজপরিবারের পোর্ট্রেটকেন্দ্রিক ছবি আঁকার বাইরে যেতে পারতেন না। সে সময় ছবি সমাজকে স্পর্শ করেনি। রাজ্যের জয়-পরাজয়ে বদলে যেত আবার শিল্পীদের নিয়তি। রাজ্য থেকে বিতাড়িত হয়ে পরে অবশ্য তাঁরা সমাজকেন্দ্রিক ছবি এঁকেছেন। সে তুলনায় এখনকার শিল্পীরা স্বাধীন। আগের মতো বাধ্যবাধকতা নেই। যদিও সমাজের স্বাধীনতার সীমাবদ্ধতা আছে। শিল্পীর তাতে শঙ্কিত হতে হয় না। সে যা ইচ্ছা আঁকতে পারে। যা ইচ্ছা দামও চাইতে পারে। আর রাজাদের মতো আধুনিক প্রতিষ্ঠানগুলো শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে কোনো রকম বাধ্যবাধকতা ছাড়া। ক্যাটালগ ছাপানোর পাশাপাশি প্রতিষ্ঠানের দেয়ালে শোভা পাচ্ছে তাদের কেনা বড় বড় ছবিও। এ সময়ে শিল্পের জন্য এটি এক বড় অর্জন। সুন্দর ছবিগুলো এখন খুব সহজেই বিক্রি হয়ে যায়। এদের কোনোটি কোনোটি আবার শোভা পাচ্ছে পোস্টার, টি-শার্ট কিংবা মগে। জীবনাচার্যে শিল্পীর রংতুলি পেয়ে গেছে ভিন্ন মাত্রা। আমাদের মতো দেশেও শুধু একটি শ্রেণীর মানুষের সীমানা পেরিয়ে শিল্প ক্রমেই হয়ে উঠছে সার্বজনীন। এখনকার যে সুযোগ তা পঞ্চাশ বছর আগেও ছিল না। দেখার সুযোগ, জানার সুযোগ। গড়ে উঠেছে বিভিন্ন গ্যালারি, ছবি বিক্রি হচ্ছে। বিদেশিরাও এসে দেখে যাচ্ছে আমাদের কাজ। এভাবেই খুলে যাচ্ছে নতুনের জন্য নতুন সম্ভাবনার দ্বার। তবে এর ভেতরে যে সবাই টিকবে তা নয়। এটাই স্বাভাবিক। এদের মধ্যে অনেকেই কম বয়সে অর্থ-খ্যাতির মালিক হয়েছেন। আবার কয়েক বছর পর হারিয়ে গেছেন। তবে শিল্পের সঙ্গে বসবাসের বাসনা যাঁদের আছে তাঁরা কিন্তু সারা জীবন এই রংতুলির মায়া কাটিয়ে উঠতে পারেন না। তাঁরাই হয়ে ওঠেন শিল্পী। প্রতিটি জাতির মধ্যে গত ৫০-৬০ বছরে অনেক শিল্পী বের হয়েছে। সবাই শিল্পী নয়। সত্যিকার অর্থেই যাঁরা কাজ করছেন তাঁদের সংখ্যা কম হলেও তাঁরা খুব সচেতন এবং খুব ভালো কাজ করছেন। পরিশ্রমী শিল্পীও বলা যায়। মানুষ সবকিছু ধরে রাখে না। একটা জিনিস নিয়ে সে সন্তুষ্ট নয়। একটানা মাছ বা মাংস খেতে কারোর পছন্দ নয়। শিল্পীও তাই। তিনি নতুন করে খোঁজেন। নবজন্ম দেন ছবির। পুরোনোকে কখনো কখনো নিজেই ধ্বংস করেন। তবে চারাগাছ কাটলেই হবে না। ফল দেখে কাটতে হবে। সব শিল্পীই সুপার মানুষ নয়। অথবা হতে পারে তার সময়টি সঠিক নয়। একজন শিল্পী সারা জীবনই বহু কাজ করেন। সব কাজই কিন্তু তাঁর মাস্টার পিস নয়। দুই-তিনটি ছবি জয় করে কাল। যুগে যুগে সে শিল্পীর রংতুলির রহস্যঘেরা মায়া ছড়িয়ে বেড়ায় সুষমা। এখানেই শিল্পী জীবনের সার্থকতা।

গুন-টানা, শিল্পী: জয়নুল আবেদিন
গুন-টানা, শিল্পী: জয়নুল আবেদিন

বাংলাদেশের সংস্কৃতিতে একটা বড় অংশ বর্তমানে শিল্পের কদর করছে, শিল্প ও শিল্পীকে বাঁচিয়ে রাখছে। এটি ইতিবাচক দিক। আগে এ চিত্র ছিল না। বাংলাদেশ এখন সারা বিশ্বে অংশগ্রহণ করছে। পুরস্কারও পাচ্ছে। এটি প্রশংসনীয়। কেবল চিত্রকলাই নয়, আলোকচিত্রের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। মঞ্জুরুল ইসলাম বেগ, নওয়াজেশ আহমেদ, শহীদুল আলম তাঁরা এখন বেশ খ্যাতি ও বাহ্বা কুড়িয়েছেন। ‘পাঠশালা’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা অবশ্যই শিল্পীর সাধনার ফসল। বিদেশি শিক্ষার্থীরাও এখানে আসছেন। বাংলাদেশের বহু চিত্রশিল্পী আন্তর্জাতিক জুরি বোর্ডের সদস্য হয়েছেন।
আমাদের দেশে একটা ঐতিহ্যগত গুরুভক্তির চর্চা দেখা যায়। আর্ট ক্যাটালগগুলো দেখলেই আমরা তা টের পাই। জয়নুল আবেদিন, শফিউদ্দিন আহমেদ, কামরুল হাসান প্রমুখের ধারাবাহিক উপস্থিতি দেখা যায়। কোনো তরুণ শিল্পী হয়তো তাঁদের চেয়ে আনেক ভালো ছবি আঁকছেন। কিন্তু তাঁর পরিচয় নেই। আমাদের দেশে বয়স অনুযায়ী সম্মান দেখানোর এ এক উপায়। কাজ হিসেবেও আমাদের সম্মান জানানো শিখতে হবে। পাশ্চাত্য বিশ্বে বরং কাজকেই বেশি মূল্যায়ন করা হয়। বহু শিক্ষকের সঙ্গে তাঁদের প্রিয় শিষ্যদের মতবিরোধ লক্ষ করা গেছে। তাই বলে যে গুরুকে অসম্মান করা হয় তা নয়। বরং গুরুর কাজকে আরও মজবুত করা হয় নতুন নতুন তত্ত্ব ও জ্ঞান দিয়ে। আমাদের দেশেও একদিন সে সময় আসুক।

১৯৭১-এ স্বাধীনতার সময় ছবি একটি মুখ্য ভূমিকা রেখেছে। স্বাধীনতার বার্তা প্রকাশ পেয়েছে শিল্পীর তুলিতে। প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখেছি শিল্পী, লেখক, চিত্রকর সবাই যে যেভাবে পেরেছেন দেশকে ভালোবেসে তাঁর জায়গা থেকে লড়েছে। কেউ কলম কিংবা রংতুলি ফেলে রাইফেলও হাতে নিয়েছেন। সে সময় অনেক শিল্পী ছবিও এঁকেছের। সে সময়ের ছবিগুলো একটি সময়কে ধারণ করেছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন ৪৩-এ এঁকেছিলেন দুর্ভিক্ষের ছবি। সে ছবিটি ওই দিন ওই সময়কে ধরে রাখার জন্য। ওই সময়টি চলে যায়। বসে থাকে না। ১৯৭১ সময়কার ছবিগুলো মানুষ অন্যভাবে দেখে। এ ছবিগুলোর ঐতিহাসিক মূল্য রয়েছে। একজন সৎ শিল্পীর তুলিতে এভাবে ইতিহাসও মূর্ত হয়। বার্তা পৌঁছে দেয় প্রজন্ম থেকে প্রজন্মে। নতুন প্রজন্ম ইতিহাস শুনতে পছন্দ করে না। তাদের দেখার চোখ নতুন। নতুনভাবে সবকিছুকে বিচার করে তারা। ভাবতে চায় নতুন করে, পথ খোঁজে নতুন সমাধানের। তাই নতুন প্রজন্মকে দেখার সুযোগ করে দিতে হবে। ঢাকা আর্ট সেন্টার, বেঙ্গল ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমী এ জন্য কাজ করে যাচ্ছে। ছবি দেখানো, লেকচার, চলচ্চিত্র, প্রশিক্ষণের আয়োজন করে শিল্পীদের সুযোগ করে দিচ্ছে দেখার-জানার, নিজেকে প্রকাশ করার। এর পাশাপাশি একটি আধুনিক ও সমসাময়িক ছবির জন্য একটি জাদুঘরের বড় প্রয়োজন। যেখানে কেবল ছবি থাকবে। আলোকসজ্জায় আর রঙের ঘ্রাণে মুগ্ধ হবে হাজারো দর্শক। ছবি সংরক্ষণের আধুনিক ব্যবস্থা থাকবে।

বাংলাদেশ একটি ছোট দেশ। তবু আমি সব সময় আমার দেশ নিয়ে আশাবাদী। তালপাখার মতো এ দেশের বহু উপকরণ নিয়ে বিদেশি শিল্পীরাও কাজ করছেন। এ দেশের শিল্পীরাও দেশে-বিদেশে ভালো কাজ করছেন। হতে পারে এ অর্জন সংখ্যার দিক থেকে এগিয়ে নয়, তবে মানের দিক থেকে সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। বাংলাদেশ এখন শিল্পচর্চার দিক থেকে এগিয়ে যাচ্ছে। এখনকার তরুণ প্রজন্ম খুব সচেতন ও পরিশ্রমী। তাঁদের এ গতিশীলতাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রদর্শনীতে তাঁদের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। সরকারের এখানে বিশাল ভূমিকা রয়েছে। বিশ্ববাসী আর কেবল দুর্যোগ আর দুর্দশার দেশ হিসেবে আমাদের জানবে না। দুর্দশা কোনো দেশের পরিচয় নয়। আমেরিকা, চীন, ভারতেও দুর্দশা রয়েছে। তাদের সঙ্গে বরং পার্থক্য রয়েছে। আমাদের দেশের মানুষের দুঃখ আছে, সুখও আছে। আর প্রতিটি মানুষের আছে এক একটা গল্প। একজন শিল্পীর কাজ সে গল্পকে ছবিতে চিত্র দেওয়ার। তরুণদের বলব ধৈর্য ধরে নিজের পরিচয় আর একটি জগৎ তৈরি করার জন্য। তার সঙ্গে থাকতে হবে মননে সততা। প্রতিদিন মানুষ নতুন সকাল দেখে। প্রতিদিনের স্বপ্নও নতুন। ছবিটাও তা-ই। আজকের ছবিটা কাল হয়তো অপরিচিত হয়ে যাবে। তবে ছবির স্বপ্নগুলো কখনোই পুরোনো হবে না। এ স্বপ্নগুলোই পথ দেখাবে সামনে হাঁটার।

মনিরুল ইসলাম

স্পেন-প্রবাসী বিখ্যাত চিত্রশিল্পী। সম্প্রতি তিনি পেয়েছেন রানি ইসাবেলার ‘ক্রস অব দি অর্ডার’ সম্মান। চিত্রকলায় অবদানের জন্য তিনি স্পেনের জাতীয় পুরস্কার লাভ করেন ১৯৯৭ সালে। ১৯৯৯ সালে মনিরুল ইসলাম বাংলাদেশের একুশে পদকও পেয়েছেন। তাঁর জন্ম চাঁদপুরে, ১৯৪৩ সালে, তিনি ঢাকা চারুকলা কলেজ থেকে বিএফএ ও এমএফএ ডিগ্রি অর্জন করেন। ১৯৬৯ সালে তিনি বৃত্তি নিয়ে স্পেন যান। বর্তমানে তিনি বছরের বেশ খানিকটা সময় ঢাকাতেও অবস্থান করেন।