নানান স্বাদের চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-কে কি বাংলাদেশের সবচেয়ে সহজলভ্য পানীয় বলা যায়? কারণ, এক গ্লাস বিশুদ্ধ পানির চেয়ে এখানে এক কাপ ধোঁয়া ওঠা চা পাওয়া সহজ। চীনা চায়ের ‘দেশি’ হয়ে ওঠার এই ইতিহাস কিন্তু বেশি দিনের নয়। সাধারণ বাঙালির হাতে চায়ের কাপ উঠেছে বড়জোর তিন শ বছর আগে। তবু শহর-বন্দরে প্রতি দশ কদমে এখন একটা করে চায়ের দোকানের দেখা মেলে।
বাঙালির চা-প্রীতিকে উসকে দিতে দু-তিন বছরে ঢাকায় এমন কিছু দোকান গড়ে উঠেছে, যাদের খাবারের তালিকা তৈরি হয়েছে মূলত নানা স্বাদের চা নিয়ে।
পূর্ব বাসাবো এলাকার ১০ নম্বর রোডে গত বছর চালু হয় ‘চা বিজ্ঞান’। প্রতিষ্ঠানটির দুই কর্ণধারের একজন ফাহাদ জামিল পেশায় একটি রাষ্ট্রীয় স্বায়ত্তশাসিত সংস্থার প্রকৌশলী। বললেন, ছাত্রজীবনে যেই টং দোকানে বসে বন্ধুরা আড্ডা দিতেন, সেই ব্যবসা বন্ধ হয়ে গেলে তাঁরাই দোকানটি নিয়ে নেন। তারপর নিজেদের মতো সাজিয়ে-গুছিয়ে শুরু করেন চা-বিজ্ঞান। দোকানের নামে চায়ের সঙ্গে বিজ্ঞানের যোগ নিয়ে জানতে চাইলে ফাহাদ বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল, দোকানটাকে একটা সায়েন্স ল্যাবের মতো সাজাব। বিকারে চা তৈরি হবে। অ্যাপ্রোন পরে পরিবেশনকারীরা চা নিয়ে আসবেন। তাই এই নাম।’ মূল্যতালিকায় চায়ের নামও বিজ্ঞানের রথী-মহারথীদের নামে। জগদীশ চা, আইনস্টাইন চা, গ্যালিলিও চা—এমন সব নাম চোখে পড়ে। প্রায় ১৫ ধরনের চা পাওয়া যায় এখানে। দাম ৬ থেকে ১৫ টাকা।
‘যেখানে চা আছে, সেখানে আশা আছে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল ‘এক কাপ চা’। এক বছরে এখন ঢাকা ও নারায়ণগঞ্জ মিলিয়ে তাদের পাঁচটি শাখা। মালিকপক্ষের একজন প্রকৌশলী ইয়াহসির মাসুদ বলেন, পথের টং দোকানের তুলনায় সাজানো-গোছানো পরিবেশে চায়ের আড্ডার সুযোগ করে দিতে তাঁদের এই আয়োজন। ৫৫টি ভিন্ন ভিন্ন স্বাদের চা পাওয়া যাবে এখানে। দাম ১০ থেকে ২৫ টাকা। মাসুদ বললেন, এগুলোর মধ্যে টক-ঝাল স্বাদের টনিক চা আর চকলেট-বাদাম চা বেশি বিক্রি হয়।
ফল-মসলার স্বাদে প্রায় ৪০ ধরনের শ্রীলঙ্কান চা আছে এলিফ্যান্ট রোডের ‘ক্যাফে ফাইভ এলিফ্যান্ট’-এর সংগ্রহে। মালিকদের একজন ডা. মুজাহিদ আকাশ বলেন, বাংলাদেশে চা মানেই অনেক জ্বাল হবে। দুধ-চিনি মিশিয়ে অনেকটা পায়েস রান্নার মতো। কিন্তু শ্রীলঙ্কার চায়ের বৈশিষ্ট্য হলো শুধু লিকার। প্রয়োজনে চিনি মেশানো যেতে পারে। ৫০ থেকে ১৩০ টাকার মধ্যে এখানকার চায়ের স্বাদ নেওয়া যাবে।
মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার ‘টং ঘর’ অল্পদিনেই ঢাকার চা-প্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। দোকানের দেয়াল সাজানো হয়েছে বিখ্যাত কবিদের জনপ্রিয় কবিতার চা-সংক্রান্ত প্যারোডি দিয়ে। প্রায় ৫০ স্বাদের চা আছে এখানে। দাম ৬ থেকে ১০১ টাকা। ঘি-জাফরান মেশানো স্পেশাল চা এই দোকানের সবচেয়ে জনপ্রিয় পানীয়।
মিরপুর ২-এর ‘টি ট্রি’-তে ২০ স্বাদের চা পাওয়া যায়। সাত রঙা চা খেতে যেতে পারেন খিলগাঁও তালতলার নীলকণ্ঠ চা কেবিন আর রংধনুতে। এ ছাড়া টিএসসির মরিচ চা আর পলাশী মোড়ের মাল্টা চা তো এই প্রজন্মের কাছে প্রবাদতুল্য ব্যাপার। তবে যখন-তখন চায়ের তেষ্টা মেটাতে পাড়ার মোড়ের চায়ের দোকানের জুড়ি নেই।