নানাবাড়ি যাওয়া হলো না অপূর্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের কাছে নানাবাড়ি যাওয়ার বায়না ধরেছিল শিশু অপূর্ব অরণ্য (৬)। তাই মামার মোটরসাইকেলে করে তাকে নানাবাড়ি নেওয়া হচ্ছিল। কিন্তু পথে পাওয়ার ট্রলির ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। গতকাল বুধবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার জিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অপূর্ব সৈয়দপুরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ছাত্র। তার বাবা আবদুল হান্নান সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের এসআই।
পারিবারিক সূত্র জানায়, অপূর্বদের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলার বড়ুয়া গ্রামে। কয়েক দিন ধরে অপূর্ব নানাবাড়ি যাওয়ার বায়না ধরেছিল। এ অবস্থায় মা আশা আরেফীন চৌধুরী (২৬) তাঁর ভাই লিটন চৌধুরীকে (২৪) ডেকে পাঠান। গতকাল দুপুরে অপূর্বর স্কুল ছুটির পর সেখান থেকেই মায়ের সঙ্গে মামার মোটরসাইকেলে চড়ে সৈয়দপুর উপজেলার পাকাধরা গ্রামের উদ্দেশে রওনা দেন তাঁরা। কিন্তু জিয়ার বাজারে একটি পাওয়ার ট্রলি তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় অপূর্ব। গুরুতর আহত অবস্থায় তার মাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।