নানামুখী সমস্যায় দেশের মানুষ দিশেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে এখন নানামুখী সমস্যা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট, শেয়ারবাজারে অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষ দিশেহারা।গতকাল বুধবার পার্টির বনানীর কার্যালয়ে কুমিল্লা জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের প্রতি জনগণের সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ক্ষমতা কারও চিরস্থায়ী হয় না। তাই জনগণের সমর্থন মহাজোটের পক্ষে নিয়ে আসার জন্য পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ‘আমরা মহাজোটে আছি এবং থাকতেও চাই। তবে জাতীয় পার্টিসহ মহাজোটের সব শরিক দলের মধ্যে সমন্বয় সাধন এবং সবাইকে যথাযথ মূল্যায়ন করতে হবে।’ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মহাজোট শুধু নির্বাচনী জোট নয়, আন্দোলনের মাঠে জনগণের প্রত্যাশা পূরণের জন্যই এই জোট গঠিত হয়েছে। জনগণ একক কোনো দলকে ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠা করেনি। তাই সব শরিক দলকেই ক্ষমতার ন্যায্য অংশীদারি দিতে হবে। কাজী জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন রুহুল আমিন হাওলাদার, দেলোয়ার হোসেন খান প্রমুখ।