সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে শিক্ষক, শ্রেণীকক্ষ, আধুনিক গবেষণাগার, শিক্ষার্থীদের পরিবহন ও আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে সার্বিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, কলেজে শিক্ষকের ১৩৩টি পদের মধ্যে কর্মরত রয়েছেন ১০৪ জন। এর মধ্যে মনোবিজ্ঞান, পরিসংখ্যান, সমাজবিজ্ঞান ও দর্শন বিভাগে সাতজন করে শিক্ষক কর্মরত থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র চারজন করে। বাংলা ও ইংরেজি বিভাগে ১২ জন শিক্ষকের স্থলে কর্মরত রয়েছেন সাতজন করে। পাশাপাশি রয়েছে কর্মচারী ও শ্রেণীকক্ষ সংকট।একই সূত্র জানিয়েছে, কলেজের প্রায় ১১ হাজার শিক্ষার্থীর পরিবহনের জন্য রয়েছে মাত্র দুটি বাস। এগুলোতে মোট আসন সংখ্যা ১০৪টি। এমনিতে তীব্র পরিবহন সংকট, এর মধ্যে গাড়িগুলো পুরোনো হয়ে যাওয়ায় প্রায় সময় বিকল হয়ে পরিবহন-সুবিধা দিনের পর দিন বন্ধ থাকে।খোঁজ নিয়ে জানা গেছে, স্বতন্ত্র কোনো পরীক্ষা হল না থাকায় ক্লাস বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হয়। উচ্চমাধ্যমিকসহ অনার্স, মাস্টার্স ও পাস কোর্স চালু থাকায় বছরের অধিকাংশ সময় কলেজে পরীক্ষা লেগেই থাকে। আর পরীক্ষা চলাকালীন শ্রেণী কার্যক্রম বন্ধ রাখা হয়। কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবু আনাম মোহাম্মদ রিয়াজ বলেন, ‘কলেজে শিক্ষক-কর্মচারী ও অবকাঠামো সংকট তীব্র আকার ধারণ করেছে। এমসি কলেজের সমপর্যায়ের দেশের সব কয়েকটি কলেজে নতুনভাবে শিক্ষকের পদ সৃষ্টি হলেও এই কলেজে তা হয়নি।’কলেজের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছেন, বাংলা বিভাগের ভবনটির ছাদ কাঠ ও টিন দিয়ে নির্মিত। দীর্ঘদিনের পুরোনো এই ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রায় দিনই দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলে ছাদ ও দেয়াল চুইয়ে পানি পড়ে।সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মৃদুল চন্দ্র দাস বলেন, কলেজের অধিকাংশ টয়লেটের প্যানগুলো পুরোনো। পানি সরবরাহ-ব্যবস্থা ভালো নয়। দুর্গন্ধে এসব টয়লেটের কাছে মাঝেমধ্যে যাওয়াও যায় না। এ ছাড়া বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য রয়েছে ছোট্ট একটি স্পোর্টস রুম। সেটির পরিসর আরও বড় করা উচিত।শিক্ষার্থীদের অভিযোগ, এই কলেজে পড়তে আসা দূর-দূরান্তের শিক্ষার্থীদের বেশির ভাগই দরিদ্র। কিন্তু কলেজ হোস্টেলে আবাসন-সুবিধা না পেয়ে কষ্ট করে মেস ভাড়া করে থাকেন। বিশেষ করে মেস ভাড়া করে যেসব মেয়েরা থাকছেন, তাঁদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে। ছাত্রীরা জানান, মেয়েদের মেসের আশপাশে মাদকসেবী ও বখাটের আড্ডা নিয়মিত বসে। প্রায় সময় এসব বখাটেদের হেনস্তার শিকার হতে হয়।কলেজের আবাসন-সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা হোস্টেলে সীমিত আসনের কথা স্বীকার করে জানান, কলেজে হোস্টেলে আবাসনসুবিধা রয়েছে মাত্র ৩৮০ জনের। এর মধ্যে ছাত্র ৩০০ এবং ছাত্রী ৮০ জন।জানা গেছে, কলেজে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও ইতিহাস বিষয়ে অনার্স কোর্স থাকলেও কোনোটিতেই মাস্টার্স কোর্স চালু নেই। ফলে অনার্স শেষে উচ্চশিক্ষার সুযোগ না পেয়ে অনেকেরই শিক্ষাজীবনের সমাপ্তি ঘটছে। মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সালেহ আহমদ জানান, মাস্টার্স কোর্স চালুর জন্য কলেজের পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ে অনেক চেষ্টা-তদবির করেও কোনো কাজ হচ্ছে না। মনোবিজ্ঞান বিভাগের অনার্স ফাইনাল দেওয়া শিক্ষার্থী পিংকু ধর বলেন, ‘অনার্স পরীক্ষা দিয়েছি, কিন্তু মাস্টার্স কোর্স কলেজে না থাকায় বড় চিন্তায় আছি। সিলেটের অন্য কোনো কলেজেও এই বিষয়ে মাস্টার্স কোর্স চালু নেই। ফলে আমাদের বিভাগের অনেক বড় ভাইবোনদের মতো হয়তো আমাকেও অনার্স পর্যন্ত পড়েই শিক্ষাজীবনের ইতি টানতে হবে।’ কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার বলেন, ‘শিক্ষক-কর্মচারী-অবকাঠামোগত সমস্যা দূর করতে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছি। দেশের বিভিন্ন কলেজে শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু এমসি কলেজ এ ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। অথচ দিন দিন আমাদের শিক্ষার্থী কিন্তু বেড়েই চলছে।’