নানার ফরমাশ, নাতনি ধরা
রুমি ও খুশি দুই বান্ধবী। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফুলকুঁড়ি গ্রামে। তারা ফুলকুঁড়ি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। রুমির নানা আফাজ উদ্দিন একজন মাদক-ব্যবসায়ী। তিনি রুমিকে গাঁজা আনতে পাঠান। বান্ধবীকে সঙ্গে নিয়ে নানার জন্য গাঁজা আনতে গিয়ে দুজনই পুলিশের হাতে ধরা পড়ে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার। রুমি ও খুশিকে এখন রাজশাহীর সরকারি নিরাপত্তা হেফাজতে (সেফ হোম) রাখা হয়েছে।
পুলিশ আফাজ উদ্দিনকে খুঁজছে। আফাজের বাড়ি নাচোল উপজেলার বড়ন্দা গ্রামে। শনিবার তিনি রুমিকে গাঁজা আনার জন্য পাশের তানোর উপজেলার বিল্লি গ্রামের হাবল নামের এক ব্যক্তির বাড়িতে পাঠিয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়ার পর রুমি পুলিশকে জানায়, সে গাঁজা চেনে না। তার নানা তাকে এক হাজার টাকা দিয়ে হাবলের বাড়ি থেকে ওষুধ আনতে পাঠান। হাবল তাকে ওষুধ দেওয়ার সময় কাউকে দেখাতে নিষেধ করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাবলের বাড়ি থেকে বের হওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে ওই দুই শিশু উপজেলার বিল্লি বাজারে যায়। তারা বাজারের একটি দোকানের সামনে দাঁড়িয়ে কিছু কেনার জন্য অপেক্ষা করছিল।
এ সময় পাশে থেকে একজন লোক দোকানিকে বলে, এই মেয়েরা ছাতা চুরির চেষ্টা করছে। এ কথা শুনে দোকানি তাদের আটক করে ব্যাগ তল্লাশি করে। এ সময় ব্যাগের ভেতরে গাঁজা পেয়ে তাদের তানোর থানার পুলিশে সোপর্দ করা হয়।
পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে পুলিশ তাদের নিরাপত্তা হেফাজতে পাঠিয়ে দেয়।
তানোর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পুলিশ গত রোববার রুমি ও খুশির বিরুদ্ধে মামলা করে নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছে। রুমির নানা আফাজ উদ্দিন ও তানোরের মাদক-ব্যবসায়ী হাবলের বিরুদ্ধেও মামলা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।