নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
নোয়াখালীর সেনবাগে নানাবাড়ি বেড়াতে এসে একসঙ্গে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিশিংপুর গ্রামের।
মৃত শিশুরা হলো বিজবাগ গ্রামের চান মিয়া মিলনের ছেলে সাকিব হাসনাত (১০), মেয়ে সাদিয়া আক্তার (৬) ও ভায়রা দেবিশিংপুর গ্রামের মো. বাবুর ছেলে আবদুল আলী (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করা বিজবাগ গ্রামের চান মিয়া মিলনের ছেলে সাকিব ও মেয়ে সাদিয়াকে নিয়ে তাঁর স্ত্রী তিন দিন আগে দেবিশিংপুর গ্রামের বাপের বাড়িতে বেড়াতে আসেন। একই সময় চান মিয়ার শ্যালিকাও সন্তানকে নিয়ে বাপের বাড়িতে আসেন। গতকাল বেলা আনুমানিক দুইটার দিকে পরিবারের সবার অজান্তে ওই তিন শিশু বাড়ির পুকুরের ঘাটে খেলা করার সময় পানিতে ডুবে যায়। পরে বেলা আড়াইটার দিকে পুকুরে তিন শিশুর লাশ ভেসে উঠলে বাড়ির লোকজন ঘটনাটি জানতে পারেন। স্থানীয় নবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, নানার বাড়িতে বেড়াতে এসে একসঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান থানায় অবহিত করেছেন এবং লাশ দাফনের অনুমতি দিয়েছেন।