নানার হত্যাকারীকে যুক্তরাষ্ট্রের অবশ্যই হস্তান্তর করা উচিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকায় গতকাল সোমবার প্রকাশিত এক নিবন্ধে তিনি এ কথা বলেছেন।
নিবন্ধে জয় লেখেন, ‘৪০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও আমার পরিবারের সদস্যদের হত্যাকারী এক ব্যক্তি, রাশেদ চৌধুরী, স্বাধীনভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। এ কারণে সামরিক আইনে তাঁর বিচার হতে পারত। তা সত্ত্বেও প্রকাশ্য আদালতে তাঁর বিচার করা হয়েছে এবং তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। সামরিক আদালতে বিচার হলে বিচার দ্রুত করা যেত, যদিও তা এতটা স্বচ্ছ হতো না।’
জয় আরও লেখেন, বাংলাদেশের বিচার বিভাগের দৃষ্টিতে ১৯৯৬ সাল থেকে পলাতক রাশেদ চৌধুরী তাঁর অপরাধের জন্য এখনো শাস্তি পাননি। তাঁকে হস্তান্তর করতে ২০০০ সালে বাংলাদেশ প্রথম অনুরোধ জানায় এবং তারপর ১৫ বছরেরও বেশি সময় অপেক্ষা করেছে।