ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নানি-নাতনিসহ চারজন নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীর বাগাট ইউনিয়নের ঘোপঘাট বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মাগুরাগামী জিতু এন্টারপ্রাইজের একটি লোকাল বাসের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী একটি রেন্ট-এ-কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এরা সবাই রেন্ট-এ-কারের যাত্রী। এরা হলেন—মাগুরার মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী মোসাম্মৎ সাহেরা বেগম (৪০) ও তাঁর নাতনি রাবেয়া (৫) এবং রেন্ট-এ-কারের চালক চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মোর্তজাপুর গ্রামের মো. হায়দার আলী (৩০)। নিহত আরেক যুবকের (১৮) পরিচয় পাওয়া যায়নি।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, দুর্ঘটনার ফলে রেন্ট-এ-কারটি ছিটকে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আবার রাস্তার ওপরে এসে পড়ে। এ দুর্ঘটনায় আহত মহম্মদপুরের চরপুকুরিয়া গ্রামের মো. শাহীনকে (৩৩) বুধবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।তালায় গৃহবধূ নিহত: সাতক্ষীরা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ সবিতা রানী দাশ (৩৫) নিহত হয়েছেন। এ সময় তাঁর স্বামী মিলন কুমার দাশ (৪২) ও ছেলে সুমন দাশ (১৪) আহত হয়েছেন। তাঁদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার বারুইপাড়া গ্রামে। এ ঘটনার পরপরই স্থানীয় জনতা একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস ভাঙচুর করে এবং সাতক্ষীরা-খুলনা সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।