নানিয়ারচরে ক্ষতিগ্রস্তদের জন্য অপ্রতুল বরাদ্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের তিনটি আদিবাসী গ্রামে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে ডাকা রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ কর্মসূচি গতকাল শুক্রবারও অব্যাহত ছিল। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ঘর নির্মাণে অপ্রতুল বরাদ্দ দেওয়া হয়েছে। যা দিয়ে বাড়ি নির্মাণ অসম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে রাঙামাটির জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল গতকাল প্রথম আলোকে বলেন, সরকারি নিয়মানুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আরও ত্রাণ দেওয়া হবে।
বাঙালিদের বাগানের চার লাখ আনারসের গাছ ও ২০ হাজার সেগুনগাছের চারা নষ্ট করার অভিযোগে গত মঙ্গলবার বুড়িঘাট ইউনিয়নের ১৪ মাইল এলাকার তিনটি আদিবাসী গ্রামে হামলা চালানো হয়। এ সময় একটি বৌদ্ধমন্দিরে ভাঙচুর, বুদ্ধমূর্তি লুটসহ সাতটি দোকান এবং ৫৪টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে নিশ্চিত করেছে প্রশাসন।
হামলার পরপরই এর প্রতিবাদে ও পাঁচ দফা দাবিতে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেয়। তাদের দাবিগুলো হলো: আদিবাসী গ্রামগুলোতে হামলায় জড়িত ব্যক্তিদের শিগগির গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ, লুট হওয়া বুদ্ধমূর্তি উদ্ধার, পুনর্বাসিত বাঙালিদের বগাছড়ি এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া এবং বেদখলকৃত ভূমি ফেরত দেওয়া।
ইউপিডিএফের জেলা প্রতিনিধি বাবলু চাকমা গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে এসব দাবি মেনে নেওয়া না হলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এদিকে গত বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণসামগ্রীর সঙ্গে মোট এক লাখ ৩৫ হাজার টাকা পাঠানো হয়। ওই টাকা দিয়ে ১৫টি পরিবারের জন্য একটি করে ঘর নির্মাণের মৌখিক নির্দেশ দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এত কম বরাদ্দে তাঁরা বিব্রতকর অবস্থায় পড়েছেন। বরাদ্দ অনুযায়ী, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় করা যাবে মাত্র নয় হাজার টাকা। এ অর্থ দিয়ে ঘর বানানো সম্ভব নয়। কারণ, এক কিংবা দুই কক্ষের একটি ঘর নির্মাণে কমপক্ষে ২০ থেকে ৩০ হাজার টাকা প্রয়োজন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল কান্তি চাকমা ৪৫ বান্ডিল ঢেউটিন ও এক লাখ ৩৫ হাজার টাকায় প্রাথমিক পর্যায়ে ১৫টি পরিবারের জন্য ঘর নির্মাণের মৌখিক নির্দেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, এ বরাদ্দে গাছ, বাঁশ, পেরেক কেনা এবং গৃহনির্মাণ খরচ মেটানো সম্ভব নয়।
বুড়িঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রমোদ খীসা বলেন, গত বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জেলা প্রশাসনের দেওয়া ঢেউটিন গ্রহণ করার পর আর কোনো ত্রাণসামগ্রী পাঠানো হয়নি। এর আগের দিন বুধবার জেলা প্রশাসন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণের জন্য নেওয়া হয়। কিন্তু বাড়ি নির্মাণসহ পুনর্বাসন ও নিরাপত্তার দাবিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ত্রাণসামগ্রী ফেরত দেন। পরে জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বাড়ি নির্মাণের আশ্বাস দিলে ঢেউটিন গ্রহণ করা হয়।
ক্ষতিগ্রস্ত সুরিদাসপাড়ার প্রধান রাম কার্বারি জানান, তাঁদের পাশের ঘিলাছড়ি ইউনিয়নের আদিবাসীরা তাঁদের জন্য চাল, তেল, মরিচ, হলুদসহ নিত্যপণ্য নিয়ে গেছেন। এ ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও সংস্থার পক্ষ থেকে চালসহ বিভিন্ন ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে। এর পরও ক্ষতিগ্রস্ত দুই শতাধিক মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাঁরা প্রতিবেশী ও স্বজনদের কাছে সাময়িক আশ্রয় নিয়েছেন।