নানির জিম্মায় সেই শিশুটি
রাজনৈতিক মামলায় দুই বছর ধরে বন্দী সেই শিশুটিকে তার নানির জিম্মায় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার শিশুটির নানি হাজির হয়ে এ আবেদন করলে ঢাকার শিশু আদালতের বিচারক জেসমিন আরা বেগম তা মঞ্জুর করেন। এর আগে ব্লাস্টের আইনজীবী এ এম জামিরুল হক শিশুটির নানিকে খুঁজে বের করে আদালতে নিয়ে আসেন।
আদালতে শিশুটির আইনজীবী এ এম জামিরুল হক বলেন, ‘ওই শিশুটির নানিকে খুঁজে পেয়েছি। তিনি শিশুটির পড়াশোনা চালিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি শিশুটিকে তাঁর জিম্মায় নিতে চান। সেই অনুযায়ী আবেদন করা হয়েছে এবং ঢাকার শিশু আদালত তা মঞ্জুর করেছেন।’
এর আগে শিশুটির নানি প্রথম আলোকে বলেন, তাঁর দেশের বাড়ি গোপালগঞ্জে। সেখানেই তিনি বাস করেন। তাঁর নাতির বাবার বাড়ি চাঁদপুর। তিনি বলেন, এয়ারপোর্ট এলাকার খালার বাড়ি যাওয়ার পথে তাঁর নাতিকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুটির নানি অভিযোগ করেন, যেদিন আমার নাতিকে ধরা হয়, সেদিন বিএনপির হরতাল ছিল। সরকার তখন বোমা হামলাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল। তিনি দাবি করেন, বিমানবন্দর এলাকায় পুলিশের সোর্স বিল্লাল তাঁর নাতিকে ধরিয়ে দেয়। বাস্তবে তাঁর নাতি কোনো অপরাধ করতে পারে না বলে তিনি বিশ্বাস করেন।
শিশুটির নানি বলেন, ‘যারা তাকে ধরিয়ে দিয়ে এত দিন বন্দী রাখল, আমি তাদের শাস্তি চাই।’
গতকাল বুধবার একটি মানবাধিকার সংগঠনের পক্ষে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার শিশু আদালতের বিচারক জেসমিন আরা বেগম শিশুটির জামিন মঞ্জুর করেন।
২০১৩ সালের ২৮ অক্টোবর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে বিমানবন্দর এলাকায় পটকা ফোটানোর মামলায় শিশুটি টঙ্গীর কিশোর উন্নয়নকেন্দ্রে বন্দী ছিল। এই মামলার অন্য সব আসামি জামিন পেলেও শিশুটি পায়নি। তার পক্ষে কোনো আইনজীবীও ছিলেন না। এ নিয়ে প্রথম আলোয় ‘রাজনৈতিক মামলায় দুই বছর কারাগারে শিশুটি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নথির তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ২৮ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পটকা ফোটানোর ঘটনায় জড়িত সন্দেহে অন্য শিশুদের সঙ্গে এই শিশুকেও আটক করে থানায় নেয় পুলিশ। পরে অন্যদের ছেড়ে দিয়ে তাকে ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এজাহারে তাকে ছাড়াও টঙ্গীর চা দোকানদার রোমান, কুদ্দুস, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী বাবুলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
এ মামলায় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের উত্তরা থানা শাখার সভাপতি আসলাম হোসাইনকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড আবেদনে বলা হয়, আসলাম, কুদ্দুস ও রোমানের সহযোগিতায় ওই শিশু পটকা ফোটায়। তবে তদন্ত শেষে পুলিশ আসলাম ও কুদ্দুসকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দেয়। মামলার অন্য আসামিরা জামিন পেয়েছেন। টঙ্গীর কিশোর উন্নয়নকেন্দ্রে বন্দী শিশুটি দ্বিতীয় শ্রেণিতে পড়ছে।