নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রীতি কুসুম চাকমা অভিযোগ করেছেন, তাঁকে হত্যার জন্য একদল বাঙালি তাঁর সরকারি বাসভবনে হামলা করেছিল। এ হামলাটি সম্পূর্ণ পরিকল্পিত ছিল বলে তিনি দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনার পর গত শনিবার দুপুরে প্রশাসনের উদ্যোগে বিশেষ আইনশৃঙ্খলা সভা হয়। সভায় প্রীতি কুসুম চাকমা এ অভিযোগ করেন। প্রীতি কুসুম গতকাল রোরবার প্রথম আলোকে জানান, তিনি এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুজনেই হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। সভাসূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১১টার দিকে নানিয়ারচর সদরের বাম্পিল্যান্ড এলাকার সিলেটিপাড়ায় দুটি গুলির শব্দ হওয়ার পরপরই একদল বাঙালি ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পৌনে এক কিলোমিটার দূরে প্রীতি কুসুমের সরকারি বাসভবনে হামলা চালায়। তারা পাশের ইউএনওর বাসায়ও ইটপাটকেল ছোড়ে। সেখান থেকে ফিরে যাওয়ার সময় হামলাকারীরা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঞ্চানন চাকমার বাসায়ও হামলা চালায় এবং আগুন লাগানোর চেষ্টা করে।সভায় প্রীতি কুসুম জানান, হামলার মাত্র দুই থেকে তিন মিনিট আগে সেনাবাহিনী তাঁকে উদ্ধার করে নিয়ে না গেলে তাঁকে হত্যা করা হতো। হামলাকারী বাঙালিরা ছিল সশস্ত্র। সেনাবাহিনীর গাড়িতে উঠে তিনি রওনা দেওয়ার পরপরই হামলাকারীরা তাঁর বাসায় পৌঁছে বলে জানান। ইউএনও জহিরুল ইসলাম জানান, গুলির শব্দ পাওয়ার পরপরই তিনি একা বাম্পিল্যান্ডের দিকে দৌঁড়ে যান। এ সময় তিনি একদল বাঙালিকে উপজেলা চেয়ারম্যানকে গালি দিতে দিতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আসতে দেখেন। তিনি তাত্ক্ষণিকভাবে মুঠোফোনে সেনাবাহিনীর নানিয়ারচর জোনের অধিনায়ককে তাঁর (ইউএনও) পরিবারসহ উপজেলা চেয়ারম্যানের পরিবারকে বাঁচানোর অনুরোধ জানান। নানিয়ারচর থানার দ্বিতীয় কর্মকর্তা নাজমুল হক আইনশৃঙ্খলা কমিটির সভায় জানান, গুলির আওয়াজ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় প্রায় দেড় শতাধিক লোককে থানার সামনে দিয়ে দ্রুত উপজেলা কমপ্লেক্সের দিকে যেতে দেখেন। তিনি তাঁদের আটকাতে চেষ্টা করেন। চেয়ারম্যানের বাসভবন ভাঙচুরের সময় কয়েকজনকে লাঠিপেটা করলে হামলাকারীরা তাঁকেও মারতে চেষ্টা করে। তিনি জানান, গুলির শব্দ শুনে অধিকাংশ পুলিশসদস্য ঘটনাস্থলে যাওয়ায় চেয়ারম্যানের বাসভবনের দিকে যাওয়ার সময় হামলাকারীদের আটকানো যায়নি। তাঁদের জনবল কম হওয়ায় ঘটনা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত শনিবার দুপুরে প্রশাসন স্থানীয় আদিবাসী বাঙালি গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিশেষ আইনশৃঙ্খলা সভা করে। সেখানে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল্লাহ আল ফারুক, উপজেলা চেয়ারম্যান প্রীতি কুসুম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পঞ্চানন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।