রাঙামাটির নানিয়ারচর উপজেলার আঠারো মাইল এলাকায় গতকাল বৃহস্পতিবার দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে৷ নিহত দুজনকে িনজেদের লোক দাবি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিিএফ) এ হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেছে৷ জনসংহতি সমিতি এ অভিযোগ অস্বীকার করেছে৷
নিহত দুই ব্যক্তি হলেন খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বক্যাছড়া গ্রামের বিষু কুমার চাকমা (৪২) ও বরকল উপজেলার মাইসছড়ি গ্রামের সত্য চাকমা ওরফে ব্রত (৩০)৷ ইউপিডিএফ সত্য চাকমাকে তাদের সদস্য এবং বিষু চাকমাকে সাবেক সদস্য বলে দাবি করেছে। এ নিয়ে চলতি বছর পার্বত্য এলাকার ভ্রাতৃঘাতী সংঘাতে রাঙামাটি ও খাগড়াছড়িতেই ১৩ জন আদিবাসী খুন হলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সত্য চাকমা বেলা ১১টার দিকে বেতছড়ির আঠারো মাইল এলাকায় গেলে ১০ থেকে ১২ জনের সশস্ত্র দল তাঁকে ঘিরে ফেলে। তিনি পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করে। পরে নিজ দোকানে বসে থাকা বিষু চাকমাকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। কিছুদূর নিয়ে যাওয়ার পর তাঁকেও গুলি করে হত্যা করে ফেলে যায়।
বিষু চাকমার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি জানান, লক্ষ্মীছড়ি উপজেলায় জনসংহতি সমিতি ও ইউপিডিএফের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভ্রাতৃঘাতী সংঘাত তীব্র আকার ধারণ করলে বিষু ইউপিডিএফ ত্যাগ করেন। পরে বেতছড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা জানান, বিষু একসময় ইউপিডিএফের সদস্য ছিলেন। সত্য চাকমা সাংগঠনিক কাজে ওই এলাকায় গিয়েছিলেন৷
ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের দায়ী করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তবে জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ইউপিডিএফের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নানিয়ারচর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি আবদুল আউয়াল দুইজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে এখনো মামলা হয়নি।